জনদুর্ভোগ চরমে
টেকনাফ (কক্সবাজার) সংবাদদাতা
টেকনাফের ব্যস্ততম উপ শহর হ্নীলা এবং শামলাপুর বাজার সড়ক বৃষ্টির পানিতে রীতিমত খালে পরিণত হয়েছে। কাদা এবং ময়লাযুক্ত পানিতে জনচলাচলে চরম ভোগান্তি সৃষ্টি হয়েছে। এক পশলা বৃষ্টি নামলেই হ্নীলা এবং শামলাপুর বাজার সড়ক দিয়ে চলাচল করা মুশকিল হয়ে পড়ে।
টেকনাফ সাংবাদিক সমিতি (টেসাস)’র সভাপতি মুহাম্মদ ছলাহ উদ্দিন জানান, হ্নীলা ষ্টেশনের গুরুত্বপূর্ণ পুরাতন বাজার সড়কটি অন্তত ২/৩ ফুট ঢালাই দ্বারা উন্নয়নের আওতায় না আসলে বর্ষা মৌসুমে জনসাধারণের চলাচলের অযোগ্য হয়ে পড়বে।
হ্নীলা পুরাতন বাজার এলাকার বাসিন্দা ও উপজেলা মটর চালক লীগের সভাপতি আব্দুর রহিম দ্রুত সময়ে জনগুরুত্বপূর্ণ সড়ক দুটি উন্নয়নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন। উপজেলা প্রকৌশলী চৌধুরী মো. আসিফ রেজা বলেন, শামলাপুর সড়কটি ইতিমধ্যে “পল্লী সড়ক রক্ষণাবেক্ষন ও পুর্নবাসন প্রকল্প”র আওতায় দুইবার টেন্ডার দেওয়া হয়েছিল। উপযুক্ত দরদাতা না পাওয়ায় সড়কটি সংস্কার কাজ শুরু করা সম্ভব হয়নি।
এদিকে হ্নীলা পুরাতন বাজার সড়ক তথা ভূমি অফিস সড়কটি সংস্কারের জন্য পরবর্তী বাজাটে প্রস্তাব পাঠানো হবে জানিয়ে তিনি বলেন, দ্রুত সময়ে জনগুরুত্বপূর্ণ সড়ক দুটি টেকসই উন্নয়নের মাধ্যমে সংস্কার করা হবে।