ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ময়মনসিংহের ত্রিশালে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী এক সংবাদকর্মী নিহত হয়েছেন। অন্যদিকে রাস্তা পারাপারের সময় বাসচাপায় অজ্ঞাত বৃদ্ধের মৃত্যু হয়। ত্রিশাল থানার এসআই তফাজ্জল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত মাহমুদুল হাসান রতন স্থানীয় সাপ্তাহিক ও ঢাকা থেকে প্রকাশিত একটি দৈনিক পত্রিকার উপজেলা প্রতিনিধি হিসেবে কাজ করতেন। রতন ত্রিশাল সদর ইউনিয়ন গ্রামের বাগান হাইত্যানিকান্দা গ্রামের নূর মোহাম্মদের ছেলে।
প্রত্যক্ষদর্শী, পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৬ জুন) রাত ১০টার দিকে সংবাদকর্মী মাহমুদুল হাসান রতন গ্রামের বাড়িতে মোটরসাইকেলযোগে যাওয়ার পথে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চেলেরঘাট এলাকায় ইউটার্ন নেওয়ার সময় একটি ট্রাক ধাক্কা দেয়। এসময় তাঁর একটি পা থেঁতলে যায়। এ সময় ক্ষুব্ধ জনতা চালকসহ ট্রাকটি আটক করে। স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিস কর্মীরা ট্রাকের নিচ থেকে রতনকে উদ্ধার করে প্রথমে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পরে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করান। পরে ঢাকার অর্থোপেডিক্স হাসপাতালে নিয়ে আসলে ভোর ৪টায় তাঁর মৃত্যু হয়।
অপরদিকে প্রত্যক্ষদর্শী, পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, শুক্রবার দুপুর পৌনে একটার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বৈলর নুরুর দোকান নামক স্থানে রাস্তা পারাপারের সময় অজ্ঞাত বৃদ্ধ (৬০) বাসচাপায় ঘটনাস্থলেই নিহত হয়েছেন।
ত্রিশাল থানার এস আই তফাজ্জল হোসেন জানান, ট্রাক ও চালককে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা হবে।
ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইন উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রতনের পরিবারের আবেদনের প্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। সুরতহাল রির্পোট তৈরি করা হয়েছে। এ ব্যাপারে যথাযথ পদক্ষেপ নেওয়া হবে।
ত্রিশাল ফায়ার সার্ভিস অফিসের স্টেশন অফিসার রিয়াজ উদ্দিন জানান, নিহত বৃদ্ধের লাশ ত্রিশাল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।