গৃহবধূর চুল কেটে দেওয়ার অভিযোগ, আটক ২

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার কিসমত জামুয়া গ্রামে এক গৃহবধূর চুল কেটে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় শুক্রবার দুপুরে মোরেলগঞ্জ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে সাবেক এক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য ও তার ছেলে রিয়াদ খানকে আটক করেছে পুলিশ। 
 
অভিযোগে জানা গেছে, দুই সন্তানের জননী ভুক্তভোগী প্রবাসীর স্ত্রী ওই গৃহবধূকে একই গ্রামের রিয়াদ খান দীর্ঘদিন ধরে উত্যক্ত ও কু-প্রস্তাব দিয়ে আসছিলেন। এতে প্রতিবাদ করলে তাকে দেওয়া হুমকি দেওয়া হয়। গত বৃহস্পতিবার রাত সাড়ে ১২ টার দিকে প্রকৃতির ডাকে সাড়া দিতে বাইরে বের হলে ওৎ পেতে থাকা রিয়াদ খানসহ আরও ২ জন তাকে জোরপূর্বক ধর্ষণচেষ্টায় ব্যর্থ হয়ে চুল কেটে দেয়। ৯৯৯ তে ফোন পাওয়ার পর পুলিশ ভোর রাতে ঘটনাস্থলে গিয়ে গৃহবধূকে উদ্ধার করে। এ ঘটনায় গৃহবধূর ভাই বাদী হয়ে মোরেলগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে পুলিশ রিয়াদ খান ও তার মা সাবেক ইউপি সদস্যা মনজিলা বেগমকে আটক  করেছে।

মোরেলগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. সাইদুর রহমান বলেন, গভীর রাতে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে নির্যাতনের শিকার গৃহবধূকে উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুইজনকে আটক করা হয়েছে।