পীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় জয় (২০) ও তিলক (১৮) নামে দুইজন মোটর সাইকেল আরোহী নিহত হয়েছে। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছে।
শুক্রবার (১৭ জুন) দুপুর ২টার দিকে পীরগঞ্জ-রানীশংকৈল পাকা সড়কে গোগড় নামক স্থানে এ দুর্ঘটনায় ঘটে। নিহতরা হলেন- পীরগঞ্জ উপজেলার বাশাঁগাড়া গ্রামের জগেন চন্দ্রের ছেলে জয় ও ঠাকুরগাঁও সদর উপজেলার খোচাবাড়ী বৌরানী বাজার গ্রামের অতুল চন্দ্রের ছেলে তিলক। আহতরা হলেন- নেত্রকোনা জেলার নুরুল ইসলামের ছেলে মামুন ও ঠাকুরগাঁও সদর উপজেলার খোচাবাড়ী বৌরানী বাজার গ্রামের অনিক চন্দ্রের ছেলে আশাপূর্ন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, পীরগঞ্জ থেকে রানীশংকৈলগামী এবং রানীশংকৈল থেকে পীরগঞ্জগামী দুই মোটরসাইকেল আরোহীর মুখোমুখি সংঘর্ষ হয়। এতে চারজন গুরুতর আহত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস পীরগঞ্জ ইউনিটের সদস্যরা তাদের উদ্ধার করে পীরগঞ্জ হাসপাতালে নিয়ে এলে জয় ও তিলকে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন। আহত মামুন ও আশাপূর্ন এর অবস্থা গুরুতর হলে তাদের দিনাজপুর এম আব্দুর রহিম হাসপাতালে রেফার করা হয়। মামুন ধান কাটা মেশিন নিয়ে কয়েকদিন ধরে পীরগঞ্জে অবস্থান করছিল।
পীরগঞ্জ থানার ওসি জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।