ঝিনাইগাতী (শেরপুর) সংবাদদাতা
ঝিনাইগাতী উপজেলার সীমান্তে তিন পরিবারের বসতঘর গুঁড়িয়ে দিয়েছে বন্যহাতি। গত শুক্রবার রাতে উপজেলার গোমড়া গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় ইউপি চেয়ারম্যান আইয়ূব আলী ফর্সা, ইউপি সদস্য শাহ জাহান ও স্থানীয় বাসিন্দারা জানান, রাত ১০টায় ২৫/৩০ বন্যহাতির একটি দল ওই গ্রামের উসমান আলীর বাড়িতে হানা দেয়। এ সময় হাতির দল উসমান আলীর একটি ও তার দুই ছেলের দুইটি বসতঘর গুঁড়িয়ে দেয়।
উসমান আলী জানান, বন্যহাতির দল তার তিনটি বসতঘরসহ পরিবারের জীবিকা নির্বাহের একমাত্র উত্স্য প্রায় এক একর জমির সবজি বাগান খেয়ে ও পায়ে পিসে দুমড়ে-মুচড়ে একাকার করে দেয়।
খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার রুবেল মাহমুদ ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেন। গতকাল শনিবার এ রিপোর্ট লেখা পর্যন্ত ওই তিন পরিবারের ১৫ জন সদস্য খোলা আকাশের নিচে মানবেতর জীবন-যাপন করছে।