মতিঝিলে টিপু হত্যা: ফের ৪ দিনের রিমান্ডে মুসা

রাজধানীর শাহজাহানপুরে মতিঝিল থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম টিপু ও কলেজছাত্রী সামিয়া আফরিন প্রীতি হত্যা মামলায় আরও দু’জনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি )। তাদের নাম-ইমরান আহমেদ জিতু ও রাকিবুর রহমান রাকিব। গত বৃহস্পতিবার মতিঝিল এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। শুক্রবার ঢাকা মহানগর হাকিম আদালতের নির্দেশে তাদের দুই দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছেন তদন্তকারীরা। এদিকে মামলার প্রধান আসামি সুমন শিকদার ওরফে মুসার ছয় দিনের রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করা হয়। তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত দ্বিতীয় দফায় তার চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

চাঞ্চল্যকর এই জোড়া খুনের মামলায় এ পর্যন্ত ১৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ ও র‌্যাব। এর আগে বুধবার ইশতিয়াক আহমেদ জিতু নামে আরেকজনকে গ্রেফতার করা হয়েছে। এই জিতুও তিন দিনের রিমান্ডে আছে।

আদালত সূত্র জানায়, ছয় দিনের রিমান্ড শেষে শুক্রবার মুসাকে আদালতে হাজির করা হয়। এরপর মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাকে ফের ১২ দিনের রিমান্ডে নিতে আবেদন করে মামলার তদন্ত সংস্থা ডিবি পুলিশ। এছাড়া গ্রেফতার বাকি দুই আসামিকে আদালতে হাজির করে তাদের সাত দিনের রিমান্ড চাওয়া হয়। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ডের বিরোধিতা করে জামিন চেয়ে আবেদন করেন। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আহমেদ হুমায়ুন কবীর মুসার চার দিনের ও বাকি দুই আসামির দুইদিন করে রিমান্ড মঞ্জুর করেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. হেলাল উদ্দিন ও আদালতে শাহজাহানপুর থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা  মো. শওকত আকবর বিষয়টি নিশ্চিত করেছেন। 

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) এক কর্মকর্তা জানান, গত বৃহস্পতিবার রাতে মতিঝিল এলাকা থেকে রাকিব ও জিতুকে গ্রেফতার করে ডিবি। জিতু একজন অস্ত্র ব্যবসায়ী। তার কাছ থেকে অপরাধীরা অস্ত্র ও গুলি সংগ্রহ করত। জিতুর কাছ থেকে রাকিবসহ ৩ জনের হাত বদলের পর মূল সন্দেহভাজন সুমন শিকদার মুসার কাছে হত্যাকাণ্ডে ব্যবহৃত গুলি পৌঁছেছে বলেও জানান ওই ডিবি কর্মকর্তা। 

তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, রিমান্ডে আসামিদের মুখোমুখি জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মুসার দাবি অনুযায়ী দুবাইয়ে থাকা আরেক শীর্ষ সন্ত্রাসী জিসানের নির্দেশনায় পরিকল্পিতভাবে টিপুকে হত্যা করা হয়েছে। জিতু নামের একজন হত্যায় অস্ত্র সরবরাহ করেছে। জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্য যাচাইয়ের পাশাপাশি সন্দেহভাজন আসামিদের গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে গোয়েন্দা। জিসানের সহযোগী সোহেল, আলামিন, কেরানচি বাবু ও মহসিনের নাম এসেছে তদন্তে। 

এর আগে গত ২৪ মার্চ রাত সোয়া ১০টার দিকে শাজাহানপুর ইসলামী ব্যাংকের সামনে টিপুর গাড়ি লক্ষ্য করে হেলমেট পরা দুর্বৃত্তরা এলোপাতাড়ি গুলি করে। গুলিতে টিপু, তার গাড়িচালক মুন্না ও রিকশা আরোহী রাজধানীর বদরুন্নেছা সরকারি মহিলা কলেজের শিক্ষার্থী প্রীতি গুলিবিদ্ধ হন। এ ঘটনায় টিপু ও প্রীতির মৃত্যু হয়। পরদিন শুক্রবার নিহত টিপুর স্ত্রী ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১১, ১২, ১৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ফারহানা ইসলাম ডলি বাদী হয়ে শাজাহানপুর থানায় মামলা করেন।