গজারিয়া (মুন্সীগঞ্জ) সংবাদদাতা
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় সোলায়মান প্রধান (৩০) নামে একজন স্কুল শিক্ষক কীটনাশক পানে আত্মহত্যা করেন। শুক্রবার রাতে উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নের আতিকনগর গ্রামে এ ঘটনা ঘটে।
স্ত্রীর সঙ্গে ঝগড়ার জেরে শ্বশুর বাড়ির লোকজনের মারধরের শিকার হয়ে কীটনাশক পান করেন সোলায়মান প্রধান। সোলায়মান প্রধান ওই গ্রামের আব্দুল মালেক প্রধানের ছেলে। তিনি কুমিল্লার মেঘনা উপজেলার ফুলতলী মোজাফ্ফর আলী হাই স্কুলের সহকারী শিক্ষক ছিলেন।
গজারিয়া থানার ওসি মো. হারুন-অর-রশিদ জানান, রাত সাড়ে ৯টার দিকে আতিকনগর গ্রামের নিজ বাড়িতে স্কুল শিক্ষক সোলায়মান প্রধান ও তার স্ত্রী মহাসীনা সরকারের মধ্যে ঝগড়া হয়। খবর পেয়ে শ্বশুর বাড়ির লোকজন এসে সোলায়মানকে মারধর করে। মহাসীনা সরকার একই গ্রামের মনসুর আলী সরকারের মেয়ে।
ওসি বলেন, শ্বশুর বাড়ির লোকজনের মারধরের শিকার হওয়ার পর ওই স্কুল শিক্ষক নিজ বাড়িতে কীটনাশক পান করেন। আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাত সাড়ে ১০টার দিকে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় গজারিয়া থানায় আত্মহত্যার প্ররোচনার অভিযোগে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।