মধুমাস জ্যৈষ্ঠ শেষ হলেও শেষ হয়নি বিভিন্ন ফল। ইসলামপুর বাজার মৌসুমি ফলে ভরে গেছে। মৌসুমি ফলের পাশাপাশি দেখা পাওয়া যাচ্ছে তালশাঁসের। জ্যৈষ্ঠ মাসের শুরু থেকেই উপজেলার হাটবাজার ও রাস্তার মোড়ে মোড়ে তালশাঁস বিক্রির ধুম পড়েছে।
সরেজমিনে দেখা যায়, পৌর শহরের রেল স্টেশন, সিএনজি স্টেশন, আওয়ামী লীগ কার্যালয় সম্মুখে, মাদ্রাসা চত্বর, বাজার ও ধর্মকুড়া হাটসহ বিভিন্ন গ্রামে ভ্রাম্যমাণ ট্রলিতে তালশাঁস বিক্রি করা হচ্ছে। আকারভেদে প্রতিটি তালের কোষ বিক্রি হচ্ছে পাঁচ থেকে দশ টাকায়।
পৌর শহরের বাজারি পাড়ার তালশাঁস বিক্রেতা আব্দুর রাজ্জাক জানান, বিভিন্ন গ্রামের তালগাছ মালিকদের কাছ থেকে গাছ চুক্তি তালের বাদা কিনে আনেন। প্রতি দিন ৪০০-৫০০ তাল বিক্রি করেন তিনি। তারপর এক-একটি তালশাঁস দা-দিয়ে কেটে কোষ খাওয়া উপযোগী করে গ্রাহকের হাতে তুলে দিচ্ছেন। এতে প্রতি দিন প্রায় হাজার টাকার ওপরে আয় হয় তার।
চিকিত্সক সোলায়মান বলেন, নারিকেলে যেসব উপাদান আছে তালশাঁসেও একই উপাদান রয়েছে।