কিশোরগঞ্জ প্রতিনিধি ও নিকলী সংবাদদাতা
কিশোরগঞ্জের মিঠামইনে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শনিবার দুই দল গ্রামবাসীর সংঘর্ষে দীন ইসলাম (৫০) নামে এক কৃষক নিহত হয়েছেন। তিনি উপজেলার হাশিমপুর গ্রামের মৃত মফিজউদ্দিনের ছেলে। এ ঘটনায় উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হন। তাদের কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মিঠামইন থানার ওসি জাকির রাব্বানী জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে কিশোরগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
দুই ট্রলারের সংঘর্ষে
নিহত এক
নিকলী উপজেলার ধনু নদীতে যাত্রীবাহী একটি ট্রলারের সঙ্গে ধান বোঝাই ট্রলারের সংঘর্ষে এক যাত্রী নিহত হয়েছে। দুর্ঘটনার পর অভিযান চালিয়ে এলাকাবাসী ধানবোঝাই ট্রলার ও চালককে সিংপুর বাজারে আটক করে রেখেছে। এলাকাবাসী ও থানা সূত্র জানান, শনিবার দুপুরে ইটনা উপজেলার ঘাট থেকে ১০-১৫ জন যাত্রী নিয়ে একটি ট্রলার নিকলী উপজেলার সিংপুর ইউনিয়নের সিংপুর বাজার হাটি হারিছ মিয়ার আল বাড়িতে দাওয়াত খাওয়ার উদ্দেশে রওনা দেয়। দুপুরে নিকলীর সিংপুর ধনু নদীতে বিপরীত দিক থেকে আসা একটি ধান বোঝাই ট্রলারের সঙ্গে যাত্রীবাহী ট্রলারটি ধাক্কা লাগে। এতে ইটনার উপজেলার নুরুল ইসলামের ছেলে মো. মরম আলী (১৮) নামের এক যাত্রী ঘটনাস্থলেই মারা যায়।
নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাছিরউদ্দিন বলেন, এলাকাবাসী ধান বোঝাই ট্রলার ও চালককে আটক করে রেখেছে।