সৌদির ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান আগামী সপ্তাহে তুরস্ক সফর করবেন বলে জানিয়েছে আঙ্কারা। আগামী বুধবার সৌদি প্রিন্সের আঙ্কারা সফরে দুই দেশের সম্পর্ক উন্নয়নের বিষয়ে আলোচনা হবে জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান।
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের পরিস্থিতিতে মোহাম্মদ বিন সালমানের আঙ্কারা সফর নানা কারণেই গুরুত্বপূর্ণ। ২০১৮ সালে তুরস্কে অবস্থিত সৌদি দূতাবাসে সাংবাদিক জামাল খাশগজি হত্যার পর সৌদি প্রিন্স আর তুরস্ক সফর করেননি।
সাংবাদিক খাশগজি হত্যার বিষয়ে আন্তর্জাতিক বিশ্বের চাপের মুখে পড়েছিলেনন সৌদি প্রিন্স। এই হত্যাকাণ্ডের পিছনে ৩৬ বছর বয়সী ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের হাত রয়েছে, এমন দাবি করেছিল যুক্তরাষ্ট্রের গোয়েন্দা দপ্তর।
এই ঘটনায় সৌদি-তুরস্ক সম্পর্কেও ফাটল দেখা দেয়।
তবে খাশগজি হত্যাকাণ্ড নিয়ে সৌদি যুবরাজকে চাপে ফেললেও আগামী মাসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন দেশটিতে সফর করবেন বলে জানা গিয়েছে।
এদিকে বর্তমানে অর্থনৈতিক চাপে থাকা তুরস্কও প্রতিবেশী ও আঞ্চলিক শক্তিগুলোর সঙ্গে সম্পর্ক উন্নয়নের চেষ্টা চালিয়ে যাচ্ছে।