রাতে চেরাপুঞ্জিতে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে

গত কয়েকদিনের বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে সুনামগঞ্জে সৃষ্ট বন্যা পরিস্থিতির খানিকটা উন্নতি ঘটেছে আজ শনিবার (১৮ জুন)। সকাল থেকেই সুনামগঞ্জ শহরের বিভিন্ন এলাকার পানি কিছুটা কমতে শুরু করে বলে জানিয়েছেন স্থানীয়রা। সারাদিনে বৃষ্টিপাত কমে হওয়ায় বিকেলের মধ্যে পানি অনেকটা কমে আসে। তবে আবহাওয়া পূর্বাভাস বলছে, আজ রাতে ভারতের মেঘালয়ের চেরাপুঞ্জি এলাকায় আবারও ভারী বৃষ্টিপাত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে, যা বন্যা পরিস্থিতির ফের অবনতি ঘটাবে।

চেরাপুঞ্জিতে ভারী বৃষ্টিপাত হলে পুনরায় পাহাড়ি ঢল নেমে এসে সুনামগঞ্জের বন্যা পরিস্থিতির অবনতি ঘটাবে বলে শঙ্কার কথা জানিয়েছেন বিশেষজ্ঞরা।

কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ ইত্তেফাক অনলাইনকে জানান, সিলেটে বৃষ্টিপাত চলমান রয়েছে, যা মধ্যরাত পর্যন্ত চলবে। তবে ভোরবেলা থেকে বৃষ্টি ধীরে-ধীরে কমে আসার কথা বলছে পূর্বাভাস। কিন্তু সিলেটে বৃষ্টি কমলেও দুঃসংবাদ রয়েছে সুনামগঞ্জের জন্য।

তিনি বলেন, রাতে আবারও মেঘালয়ের চেরাপুঞ্জি এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনার কথা নির্দেশ করছে আবহাওয়া পূর্বাভাসের বিভিন্ন মডেল। ফলে নিশ্চিত করে বলা যায় আজ রাত ও আগামীকাল আবারও সুনামগঞ্জ জেলার বন্যা পরিস্থিতির অবনতির প্রবল সম্ভাবনা রয়েছে।