স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ‘বাংলাদেশের মানুষ এখন আর কেরোসিন তেলের কুপি জ্বালায় না। ঘরে ঘরে বিদ্যুৎ জ্বলে। তাই আগামী সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে ৪র্থ বারের মতো জননেত্রী শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী বানাতে হবে।’
তিনি শনিবার (১৮) সন্ধ্যায় সাটুরিয়া উপজেলার কান্দাপাড়া ফুকুরহাটি মজিবুর রহমান উচ্চ বিদ্যালয় মিলনায়তনে ফুকুরহাটি ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
মন্ত্রী আরও বলেন, ‘শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে আছেন বলেই দেশে মেট্রোরেল হচ্ছে, পদ্মা সেতু উদ্বোধন করা সম্ভব হচ্ছে। তার কারণেই করোনা নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছি।’
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘মানিকগঞ্জে কর্নেল মালেক মেডিক্যাল কলেজ স্থাপন করেছি। সাটুরিয়ায় ম্যাডস করেছি। ফায়ার সার্ভিস করেছি। বালিয়াটি সাটুরিয়া গোলড়া সড়ক করেছি এবং ব্যাপক উন্নয়ন করেছি। এখন আপনাদের চিকিৎসা নিতে ঢাকায় যেতে হবে না। সকল ডাক্তার ও পরীক্ষা এখানেই সম্ভব।’
এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মহীউদ্দীন, সহ-সভাপতি ও সাটুরিয়া উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল মজিদ ফটো, মানিকগঞ্জ পৌর মেয়র রমজান আলী, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আ ফ ম সুলতানুল আজম খান আপেল, সাটুরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. ফজলুর রহমান, সাধারণ সম্পাদক আফাজ উদ্দিনসহ আরও অনেকেই। সম্মেলনকে কেন্দ্র করে জেলা ও সাটুরিয়া উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পরে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক ফুকুরহাটি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হিসেবে কায়সার আহমেদ আজিজ এবং মামুন সরকারকে সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করেন।