কক্সবাজার সৈকতের সুগন্ধা পয়েন্টের বালিয়াড়ি দখল করে নির্মাণাধীন প্রায় ৩০টি অবৈধ দোকান উচ্ছেদ করেছে কক্সবাজার জেলা প্রশাসন। শনিবার দুপুর থেকে বিকাল পর্যন্ত অভিযান চালিয়ে এসব দোকানপাট ভেঙে দেওয়া হয়েছে।
গত বৃহস্পতি ও শুক্রবার গভীর রাতে সুগন্ধা পয়েন্ট-কেন্দ্রিক একটি চক্র এসব দোকান নির্মাণ করছিল বলে অভিযোগ পেয়ে অভিযান চালানো হয় বলে জানিয়েছেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট (পর্যটন সেল) সাইফুল ইসলাম জয়। তবে কোনো দখলবাজকে আটক করা হয়নি।
ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম জয় বলেন, প্রশাসনের অগোচরে কিছু ব্যক্তি বালিয়াড়ি দখল করে অবৈধভাবে দোকানপাট করার চেষ্টা করেছিল। পরে অভিযোগ পেয়ে নির্মাণাধীন মার্কেট উচ্ছেদ করা হয়। এতে দখলবাজ প্রকৃতির কিছু প্রভাবশালী লোক জড়িত বলে খবর পেয়েছি।
স্থানীয় সূত্র জানান, সরকারি দলের নাম ব্যবহার করে বিএনপি-জামায়াতসহ নানা দলের অনুসারী দখলবাজ সপ্তাহখানেক ধরে সৈকতের বালিয়াড়িতে মার্কেট নির্মাণ করে আসছিল। দোকান বরাদ্দ দেওয়ার কথা বলে অনেকের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে এ সিন্ডিকেট। সুগন্ধা পয়েন্টের দু’পাশে অর্ধশতাধিক মার্কেট নির্মাণাধীন হলেও উত্তর পাশে ২৮টির মতো দোকান উচ্ছেদ করা হয় শনিবার।