ইলিশের দেখা নেই নদীতে, চড়া সুদের ঋণের বোঝা নিয়ে পালিয়ে বেড়াচ্ছে জেলেরা
শাহীন হাফিজ, বরিশাল অফিস
ইলিশের ওপর নির্ভর করেই চলে উপকূলের জেলেদের জীবন-জীবিকা। কিন্তু ইলিশের ভরা মৌসুমে নদীতে মিলছে না ইলিশ। সাগরেও রয়েছে সকল মাছ ধরায় নিষেধাজ্ঞা। তাই জেলেদের দিন কাটছে অভাব-অনটন আর অনিশ্চয়তার মধ্যে। ঈদে পরিবার পরিজনকে নতুন পোশাক ও একটু ভালো খাবারের জোগান তো দূরের কথা ঋণের বোঝা নিয়ে পালিয়ে বেড়াচ্ছে জেলেরা। মেঘনা নদীর তীরবর্তী জেলেপল্লিগুলোতে গিয়ে দেখা গেছে পুরুষশূন্য। কেউ কেউ নদীতে মাছ না পেয়ে শহরমুখী হয়ে দিন-মজুরের কাজ করছেন। আবার কেউ চড়া সুদে ঋণ নিয়ে পালিয়ে বেড়াচ্ছেন।
মেঘনার দক্ষিণে মাসকাটা চ্যানেলে কথা হয় জেলে ইউসুফের সঙ্গে। তিনি জানান, বর্তমানে নদীতে জাটকা ইলিশ ধরায় নিষেধাজ্ঞা চলছে। বছরের বেশিরভাগ সময়ই নিষেধাজ্ঞা থাকায় তাদের বেকার সময় কাটাতে হয়। মৌসুমের দিকে চেয়ে থাকলেও গত কয়েকবছর ধরে মৌসুমে ইলিশ মিলছে না। সরকারের নিষেধাজ্ঞাকালে তারা কোনো সহায়তা পান না। সারা বছর দাদনদারসহ বিভিন্ন এনজিওর কাছ থেকে চড়া সুদে ঋণ নিয়ে মৌসুমে মাছ না পেয়ে অনেকেই এ পেশা ছাড়ছেন। জেলে ইউসুফের মতো অনেকেই জানান দাদন পরিশোধ নিয়ে দিশেহারা হয়ে পড়েছি। একাধিক জেলে জানান, দুবেলা খাবার জোগানোই অসম্ভব হয়ে পড়েছে। কেউ আমাদের নদীতে কোনো সাহায্য দিতে আসে না।