দুমকিতে ঝুঁকিপূর্ণ সাঁকোতে খাল পারাপার

পটুয়াখালীর দুমকি উপজেলা শ্রীরামপুর ইউনিয়নের ২ ও ৩ নম্বর ওয়ার্ডের মাঝামাঝি কচ্ছপিয়া খালের ওপর নির্মিত সাঁকোটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। পারাপারে নিত্য দুর্ভোগ পোহাতে হচ্ছে সাঁকোটি দিয়ে চলাচল করা শিক্ষার্থী ও পথচারীদের। এতে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন স্হানীয়রা।

সরেজমিনে দেখা যায়, উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের মতি খানের বাড়ি থেকে ফকিরবাড়ি সংযোগ সড়কের কচ্ছপিয়া খালের শাখা বাদুয়া-শ্রীরামপুর খালের ওপর আঁকাবাঁকা গাছ দিয়ে সাঁকোটি নির্মাণ হওয়ায় তা ঝুঁকিপূর্ণ হয়ে পরেছে। সাঁকোটিতে একটিমাত্র বাঁশের ধরনি রয়েছে, যা বেশির ভাগ শিশুদের নাগালের বাইরে।

পশ্চিম শ্রীরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মো. ওয়াদুদ খান বলেন, ‘আমাদের কোমলমতি শিশুদের নির্বিঘ্নে বিদ্যালয়ে আসা-যাওয়ার জন্য সাঁকোর পরিবর্তে একটি কালভার্ট অত্যন্ত জরুরি।’ 
স্থানীয় ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম সালাম বলেন, এখানে একটি কালভার্ট নির্মাণের জন্য ইতিমধ্যেই কর্তৃপক্ষের কাছে চিঠি পাঠানো হয়েছে।

উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট হারুন অর রশিদ হাওলাদার বলেন, খালের ওপর একটি কালভার্টের ব্যবস্থা করা হবে। কালভার্ট করতে দেরি হলে দ্রুত একটি আয়রন ব্রিজ নির্মাণ করা হবে।