জামালপুরে বন্যা পরিস্থিতির অবনতি

জামালপুরে বন্যার পরিস্থিতি দিন দিন চরম অবনতি হচ্ছে। পাউবো সূত্রে জানা, গেছে রবিবার (১৯জুন) বিকাল ৫টা নাগাদ ২৪ ঘণ্টায় যমুনার বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে পানি ১৬ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার ৩২সেন্টি মিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। 

পানিবৃদ্ধি অব্যাহত থাকায় জেলার দেওয়ানগঞ্জ, ইসলামপুর, মেলান্দহ, মাদারগঞ্জ, সরিষাবাড়ী, বকসিগঞ্জ ও জামালপুর সদর উপজেলার নিন্মাঞ্চল বন্যার পানিতে তলিয়ে গেছে।

এদিকে পানি বৃদ্ধি অব্যাহত থাকায় ইসলামপুর উপজেলার ২৫ টি সরকারি প্রাথমিক বিদ্যালয় বন্যা পানিতে ডুবে যাওয়ায় পাঠদান বন্ধ ঘোষণা করা হয়েছে বলে নিশ্চিত করেছেন উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ ফেরদৌস। তবে বেসরকারি হিসেবে ডুবে যাওয়া শিক্ষা  প্রতিষ্ঠানের সংখ্যা আরো বেশি বলে স্থানীয়রা জানিয়েছেন।

অপরদিকে দেওয়ানগঞ্জ-খোলাবাড়ি সড়কের মন্ডল বাজার এলাকায় পাকা রাস্তা ভেঙ্গে উপজেলা সদরের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। একই উপজেলার চর আমখাওয়া ইউনিয়নে দেওয়ানগঞ্জ-সানন্দবাড়ি বাজার রোড়ে জিঞ্জিরাম নদীর উপর সেতুর অদূরে দক্ষিণ পাশের ব্যাপক ভাঙ্গন দেখা দিয়েছে। দ্রুত ভাঙ্গন রোধের ব্যাবস্থা না নিলে হয়তো সেতুর সংযোগ সড়ক নিশ্চিহ্ন হতে পারে বলে জানিয়েছেন এলাকাবাসীরা।