রাঙামাটিতে গত কয়েক দিনের টানা বর্ষণে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে কাপ্তাই হ্রদের পানির পরিমাণ কিছুটা বৃদ্ধি পেয়েছে। ফলে দেশের একমাত্র পানি বিদ্যুৎ কেন্দ্র কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রে উৎপাদন কিছুটা বেড়েছে।
কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক এ টি এম আব্দুজ্জাহের রবিবার বলেন, কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রে পাঁচটি ইউনিটের মধ্যে তিনটি ইউনিটে মোট ৯৮ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছে। এর মধ্যে ২ নম্বর ইউনিটে ৩৯ মেগাওয়াট, ৩ নম্বর ইউনিটে ২৯ মেগাওয়াট এবং ৫ নম্বর ইউনিটে ৩০ মেগাওয়াট উৎপাদন হচ্ছে। এছাড়া ১ নম্বর ইউনিট পুনর্বাসনের জন্য বন্ধ থাকলেও ৪ নম্বর ইউনিটটি হ্রদে পানি বৃদ্ধি পেলে প্রয়োজনে চালু করা হবে বলে তিনি জানান।
কেন্দ্রের ব্যবস্থাপক আরো জানান, এখন বর্ষা মৌসুম প্রচুর বৃষ্টিপাত হচ্ছে। ফলে ধীরে ধীরে কাপ্তাই হ্রদে পানি বাড়লে বিদ্যুৎ উৎপাদন আরো বাড়বে।
কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের পাঁচটি ইউনিটের বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ২৩০ মেগাওয়াট। কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের কন্ট্রোল রুম সূত্রে জানা যায়, কাপ্তাই হ্রদে পানির ধারণক্ষমতা ১০৯ মিনস সি লেভেল (এমএসএল)। কাপ্তাই হ্রদে বর্তমানে ৮৯ দশমিক ৭৬ এমএসএল পানি থাকার কথা থাকলেও রবিবার সকাল ৯টা পর্যন্ত ৭৭ দশমিক ০৪ এমএসএল পানি রয়েছে।