সিলেটে বন্যার্তদের পাশে বিসিবি

স্মরণকালের ভয়াবহ বন্যায় বিপর্যস্ত সিলেট। শহরের বিভিন্ন স্হান পানিতে ডুবে গেছে। গতকাল বৃষ্টিপাত কমলেও সড়ক, বাড়িঘর ডুবে যাওয়ায় ভোগান্তি চরমে উঠেছে। বিশুদ্ধ খাবার পানি, খাবারের সংকট দেখা দিয়েছে বেশ কয়েকটি জেলায়।

সিলেটের বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বন্যায় ক্ষতিগ্রস্ত সিলেটের ক্রিকেটার ও সাধারণ মানুষকে সহযোগিতা করবে বিসিবি। আর্থিক সাহায্যের সঙ্গে খাদ্যসামগ্রী বিতরণ করবে দেশের ক্রিকেটের অভিভাবক সংস্হা। মিরপুর স্টেডিয়ামে গতকাল বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন সাংবাদিকদের এসব তথ্য জানিয়েছেন।

তিনি বলেছেন, ‘অবশ্যই সব সময় আমাদের চেষ্টা থাকে এ ধরনের প্রাকৃতিক দুর্যোগে যারা ক্ষতিগ্রস্ত হয় তাদের পাশে থাকার জন্য এবং এটার ব্যতিক্রম হবে না বলে আমি মনে করি। আমাদের বোর্ড সভাপতি মহোদয় ইতিমধ্যে আমাদের নির্দেশনা দিয়েছেন যে কীভাবে কি কাজ করলে হয়তোবা তাদের পাশে থাকা যাবে।’

সিলেট থেকে নির্বাচিত বিসিবি পরিচালক শফিউল আলম চৌধুরী নাদেলকে সার্বিক দায়িত্ব দেওয়া হয়েছে। কী ধরনের সাহায্য লাগবে এবং বিসিবির করণীয় ঠিক করবেন তিনি। বিসিবির প্রধান নির্বাহী বলেছেন, ‘ইতিমধ্যে আমাদের যে সংশ্লিষ্ট বোর্ড পরিচালক আছেন, তার সঙ্গে আমাদের কথা হয়েছে। স্হানীয় প্রশাসনের সঙ্গে উনি যোগাযোগ করছেন কীভাবে আমরা অবদান রাখতে পারি বা কীভাবে আমরা পাশে থাকতে পারি সে ব্যাপারে আমরা কাজ করছি।’তবে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে বন্যার্তদের সাময়িক আশ্রয় কেন্দ্র করার কোনো প্রস্তাব পায়নি বিসিবি। জাতীয় দলের ক্রিকেটার ছাড়াও ঢাকায়, স্হানীয় লিগে খেলা সিলেটের ক্রিকেটারদের মধ্যে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকবে বিসিবি।

নিজামউদ্দিন চৌধুরী সুজন বলেন, ‘সিলেটের আমাদের জাতীয় দলের কিছু খেলোয়াড় আছেন, যারা বর্তমানে দলের সঙ্গে দেশের বাইরে অবস্হান করছেন। তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ রাখার জন্য আমাদের বলা হয়েছে। এটা শুধু আমাদের জাতীয় দলের সঙ্গে যারা আছেন তারা না, আমাদের ক্রিকেট সংশ্লিষ্ট যারা আছেন প্রত্যেক বার তাদের পাশে থাকার চেষ্টা করি।’