ভেড়ামারায় করলা চাষে কৃষকদের সাফল্য 

কুষ্টিয়ার ভেড়ামারায় গ্রীষ্মকালীন সবজি চাষে কৃষকরা ব্যাপক সাফল্য পেয়েছেন। চলতি গ্রীষ্ম মৌসুমে ভেড়ামারা উপজেলা ৯১০ হেক্টর জমিতে বিভিন্ন ধরণের সবজি চাষের লক্ষ্যমাত্রা ধরা হলেও তা ছাড়িয়ে যাবার সম্ভাবনা রয়েছে। এরমধ্যে ২০ হেক্টর জমিতে করলা চাষ করেছেন কৃষকরা। করলা চাষ করে তারা ব্যাপক সাফল্য পেয়েছেন।

সরেজমিনে দেখা গেছে, কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার ৬টি ইউনিয়নে সবজি ক্ষেতে ঝুলে থাকা করলা সবার নজর যেমন কেড়েছে, আবার এর চাহিদাও বেশি। করলা চাষ করে কৃষকরা বেশ লাভবান হচ্ছেন। করলা চাষে বিঘা প্রতি কৃষকদের খরচ হয়েছে মাত্র ২৮-৩০ হাজার টাকা। আর বিক্রয় করেছেন প্রায় লক্ষাধিক টাকা। ফলে খুশি কৃষকরা।

করলাসহ বিভিন্ন ধরণের সবজি চাষে কৃষকদের উৎসাহ দেয়ার পাশাপাশি ভাল ফলনের জন্য কৃষি বিভাগ কৃষকদের মাঝে বীজ, সার সরবরাহ ও পরামর্শ দিয়ে থাকেন। কৃষকদের বেশি বেশি সবজি চাষে উৎসাহ ও প্রণোদনা দিলে একদিকে গ্রীষ্ম-বর্ষা মৌসুমসহ সব মৌসুমের সবজির চাহিদা মিটবে, অপরদিকে অর্থকরী ফসল সবজি চাষ করে তারা আর্থিকভাবে স্বাবলম্বী হবেন এমনটাই মনে করেন সংশ্লিষ্টরা।

কৃষক আলী হোসেন বলেন, এবছর ৩ বিঘা জমিতে করলা চাষ করেছি। বর্তমানে যা বিক্রয় করেছি তাতে আসল উঠে গেছে। এখন জমিতে যা আছে সম্পন্ন লাভের করলা মাঠে রয়েছে। বিঘা প্রতি ৫০ হাজার টাকা লাভ হবে। 

ভেড়ামারা উপজেলা কৃষি কর্মকর্তা শায়খুল ইসলাম বলেন, ভেড়ামারা উপজেলা ৯১০ হেক্টর জমিতে বিভিন্ন ধরণের সবজি চাষের লক্ষ্যমাত্রা ধরা হলেও তা ছাড়িয়ে যাবার সম্ভাবনা রয়েছে। এরমধ্যে ২০ হেক্টর জমিতে করলা চাষ করছে কৃষকরা। সবচেয়ে বেশি করলা চাষ হচ্ছে বাহিরচর ইউনিয়নে। দিনদিন বিভিন্ন ধরণের সবজি চাষে আগ্রহী হচ্ছেন কৃষকরা।