বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে উপহার স্বরূপ ১ হাজার কেজি আম বেনাপোল বন্দর দিয়ে ভারতে হস্তান্তর করেছেন। সোমবার (২০ জুন) দুপুর ১২টার সময় বেনাপোল স্থলবন্দরের আমদানি-রপ্তানি মূলগেট দিয়ে ১ টন আম (২০০ কার্টুন) হস্তান্তর করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন নাভারন সার্কেল পুলিশ সুপার জুয়েল ইমরান, উপজেলা নির্বাহী অফিসার নারায়ণ চন্দ্র পাল, বেনাপোল কাস্টমস হাউসের ডেপুটি কমিশনার তানভীর আহমেদ, সহকারী কমিশনার (ভূমি) ফারজানা ইসলাম, বেনাপোল স্থলবন্দরের উপ-পরিচালক মামুন কবির তরফদারসহ স্থানীয় গোয়েন্দা সংস্থার সদস্যরা।
ভারতের পক্ষে উপস্থিত ছিলেন পশ্চিম বঙ্গের পুলিশের ডিআইজি সুকেশ জেল, কোলকাতায় নিযুক্ত বাংলাদেশের ডেপুটি হাই কমিশনার শেখ মারেফাত তরিকুল ইসলাম, প্রটোকল অ্যাসিস্ট্যান্ট মি.আজিজুল আলম ও মি. এস কে ইমাদ।
কোলকাতায় নিযুক্ত বাংলাদেশের ডেপুটি হাই কমিশনার শেখ মারেফাত তরিকুল ইসলাম বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে যে দ্বি পাক্ষিক সম্পর্কের যে সোনালী অধ্যায় পার হচ্ছে তারই স্বারক সরূপ বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবরের মতো এবারও কোলকাতার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর জন্য শুভেচ্ছা স্বরূপ আম পাঠিয়েছেন। বিশেষ করে বাংলাদেশের প্রধানমন্ত্রী ও কোলকাতার মুখ্যমন্ত্রীর মধ্যে যে ব্যক্তিগত সম্পর্ক বজায় রাখতে শুভেচ্ছা স্বরূপ এ আম পাঠিয়েছেন। এর মাধ্যমে দুদেশের মানুষের মধ্যে সম্পর্ক সুদৃঢ় হবে আমরা আশা করি। এ শুভেচ্ছা উপহারে দু-দেশের সম্পর্ক উন্নয়নে অনেক বড় ভূমিকা রাখবে।