মেহেন্দিগঞ্জে ১২ কেজি গাঁজাসহ গাঁজাসহ আটক ৪

বরিশালের মেহেন্দিগঞ্জে ১২ কেজি গাঁজাসহ ৪ মাদক কারবারিকে আটক করে স্থানীয়রা। পরে তাদের মেহেন্দিগঞ্জ থানা পুলিশের হাতে তুলে দেওয়া হয়। সোমবার (২০ জুন) বিকালে উপজেলার লঞ্চ ঘাট এলাকা থেকে তাদের আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেন মেহেন্দিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সফিকুল ইসলাম। 

আটককৃতরা হলেন, নোয়াখালী জেলার চরানল বুড়িংচং গ্রামের মো. সফিক হোসেনের ছেলে মো. ফারুক হোসেন (১৯), গাইবান্ধা জেলার পঞ্চবাড়িয়া গ্রামের দুলাল মিয়ার ছেলে সুজন মিয়া (১৮), আখাউড়ার বড় গাঙচড়িয়া গ্রামের ইয়াসিন মিয়ার ছেলে সাহাদাত হোসেন (১৮) ও বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ সদর ইউনিয়নের চরহোগলা গ্রামের দেলোয়ার হোসেন মোল্লার ছেলে আব্দুর রহমান মোল্লা (১৯)। 

ওসি মো. সফিকুল বলেন, আটককৃত ফারুক, সুজন ও সাহাদাত ভোলার ইলিশা ঘাট থেকে একটি স্পীড বোটে করে মেহেন্দিগঞ্জের লঞ্চ ঘাট এসে নামে। এ সময় তাদের গন্তব্যে পৌঁছে দিতে মেহেন্দিগঞ্জের মটরসাইকেল চালক আব্দুল রহমান মোল্লা আসে। তাদের গতিবিধি সন্দেহ জনক হলে স্থানীয়রা তাদের সাথে থাকা ব্যাগ চেক করে। এ সময় তাদের ব্যাগে গাঁজা দেখে থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের ব্যাগে থাকা ১২ কেজি গাঁজাসহ আটক করে। এসময় চালক স্পীড বোটটি নিয়ে পালিয়ে যায়। 

তিনি আরও বলেন, আটককৃতদের কাছ থেকে ৪টি মোবাইল ফোন ও একটি মটরসাইকেল জব্দ করা হয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের শেষে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হবে।