খালেদা জিয়ার নিরাপত্তা নিয়ে সরকার যথেষ্ট সচেতন :কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি বলেছেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার যথেষ্ট নিরাপত্তা নিশ্চিত করেছে সরকার। এ নিয়ে উদ্বেগের কিছু নেই। আসলে এবারের ঈদযাত্রা স্বস্তিদায়ক হওয়ায় বিএনপি নেতাদের গাত্রদাহ হচ্ছে। আন্দোলনে ব্যর্থ তারা শুধু ইস্যু খুঁজছেন। গতকাল শনিবার ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন, খালেদা জিয়ার নিরাপত্তার ব্যাপারে সরকার যথেষ্ট সচেতন। প্রয়োজনীয় নিরাপত্তা দিয়ে তাকে সেখানে রাখা হয়েছে। সম্প্রতি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) একটি পেট্রোল বোমা পাওয়ার বিষয়টিকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে আখ্যায়িত করে ওবায়দুল কাদের বলেন, এটা একটা বিচ্ছিন্ন ঘটনা। এমনটি হতেই পারে। আজকাল ট্যারোরিজম একটা বৈশ্বিক সমস্যা। আমরা সতর্ক ও শক্ত আছি, তবে শঙ্কিত নই।

ওবায়দুল কাদের বলেন, আগামী ২৩ জুন আওয়ামী লীগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী  উপলক্ষে সারা দেশে মাসব্যাপী কর্মসূচি পালন করবে দল ও এর সহযোগী সংগঠনগুলো। এজন্য দলের সম্পাদকমণ্ডলীর সদস্যদের নিয়ে গতকাল বৈঠকে ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকীর মাসব্যাপী কর্মসূচি চূড়ান্ত করা হয়।

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন : বেগম মতিয়া চৌধুরী, জাহাঙ্গীর কবির নানক, আ ফ ম বাহাউদ্দীন নাছিম, খালিদ মাহমুদ চৌধুরী, এ কে এম এনামুল হক শামীম, সুজিত রায় নন্দী, অসীম কুমার উকিল, দেলোয়ার হোসেন, মৃণাল কান্তি দাস, ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন, মারুফা আক্তার পপি, এস এম কামাল হোসেন, ওমর ফারুক চৌধুরী, হারুন অর রশিদ প্রমুখ।