নারায়ণগঞ্জে নিখোঁজ স্বর্ণ ব্যবসায়ীর বরিশালে লাশ উদ্ধার

নারায়ণগঞ্জের নিখোঁজ স্বর্ণ ব্যবসায়ী নজরুল চৌধুরীর (৪৬) অর্ধগলিত লাশ উদ্ধার হয়েছে বরিশাল থেকে। জেলার উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নের মুগাকাঠি গ্রামের ভরতের পাড় এলাকার একটি পুকুর থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। গতকাল শনিবার সকালে ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে।

নিহতের বড় ভাই মো. সুলতান জানান, নজরুল দীর্ঘ ২০-২৫ বছর ধরে নারায়ণগঞ্জ জেলার বাবুরাইল এলাকায় বাসা ভাড়া করে পরিবার নিয়ে বসবাস করতেন। সেখানে থেকে স্বর্ণের ব্যবসা করতেন। বাবুরাইল এলাকায় চৈতি জুয়েলার্স নামক সোনার দোকানের মালিক নজরুল। গত রবিবার সকালে বাসা থেকে ৫০ হাজার টাকা ও বেশকিছু স্বর্ণ ও রূপার অলংকার নিয়ে দোকানের উদ্দেশ্যে রওনা দিয়ে নিখোঁজ হন। সোমবার তার ছেলে মুন্না চৌধুরী স্থানীয় থানায় একটি সাধারণ ডায়েরিও করেন। পরে পুলিশ ডিজিটাল প্রযুক্তির সহায়তায় নজরুলের মোবাইলের সর্বশেষ অবস্থান বরিশালের উজিরপুর এলাকায় পায়। যা নিশ্চিত হয়ে ঈদের দিন উজিরপুরে এসে নজরুল চৌধুরীর সন্ধান চালানো হলেও কোনো খবর পাওয়া যায়নি।

উজিরপুর মডেল থানার এসআই মো. জসিম উদ্দিন জানান, শুক্রবার সন্ধ্যায় স্থানীয়রা পুকুরে লাশটি ভাসতে দেখে থানা পুলিশকে খবর দেয়। শুক্রবার সন্ধ্যায় উজিরপুর থানা পুলিশ অজ্ঞাত পরিচয়ের উদ্ধার হওয়া লাশের খবর পেয়ে শনিবার দুপুরে তারা বরিশাল মর্গে এসে নজরুলের লাশ শনাক্ত করে। এ ঘটনায় নারায়ণগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করা হবে। স্বজনদের দাবি নজরুল চৌধুরীকে অপহরণের পর পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। নজরুলের বাড়ি কুমিল্লা জেলার সালধর এলাকায়।