নিউজিল্যান্ড দলে ডাচ ক্রিকেটার রিপ্পন

ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের পর আয়ারল্যান্ড, স্কটল্যান্ড ও নেদারল্যান্ডসের বিরুদ্ধে খেলবে নিউজিল্যান্ড। তিনটি দেশের বিরুদ্ধেই সীমিত ওভারের দুই ফরম্যাটে খেলবে কিউইরা। গতকাল তিন দেশের বিপক্ষে সিরিজের জন্য ওয়ানডে ও টি-টোয়েন্টি দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি)।

দলে রয়েছে বড় চমক। গত এপ্রিলেই নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে নেদারল্যান্ডর হয়ে খেলেছিলেন বাঁহাতি রিস্ট-স্পিনার মাইকেল রিপ্পন। ১০৯ রানের সঙ্গে ৩ উইকেট নিয়েছিলেন তিনি। মাত্র আড়াই মাসের ব্যবধানে সেই রিপ্পন হয়ে গেলেন নিউজিল্যান্ডের ক্রিকেটার। ৩০ বছর বয়সী এই ক্রিকেটার সুযোগ পেয়েছেন আয়ারল্যান্ড, স্কটল্যান্ড, নেদারল্যান্ডসের বিরুদ্ধে টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজের জন্য ঘোষিত নিউজিল্যান্ড দলে।

এই সিরিজগুলোতে ব্ল্যাক ক্যাপসের হয়ে অভিষেক হলে ইতিহাস গড়বেন রিপ্পন। কারণ গত ৯২ বছরে নিউজিল্যান্ডের জার্সিতে কোনো বাঁহাতি রিস্ট-স্পিনার খেলেননি।

দক্ষিণ আফ্রিকার কেপটাউনে ১৯৯১ সালে রিপ্পনের জন্ম। বেড়ে উঠেছেন নিউজিল্যান্ডে। ২০১৩ সালে ডাচদের হয়ে অভিষেক হয় রিপ্পনের। এখন পর্যন্ত দেশটির হয়ে ১৮ ওয়ানডে ও ৯ টি-টোয়েন্টি খেলেছেন তিনি। এবার তার ক্যারিয়ার নতুন পথে মোড় নিতে যাচ্ছে।

আইসিসির নীতিমালা অনুযায়ী সহযোগী কোনো দেশের ক্রিকেটার পূর্ণ সদস্য দেশের হয়ে খেলতে পারবে। তবে পূর্ণ সদস্য হয়ে খেলার পর আবার সহযোগী দেশে ফিরতে চাইলে তাকে তিন বছর অপেক্ষা করতে হবে।