প্রধানমন্ত্রী দেশে ফিরেছেন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাপান, সৌদি আরব এবং ফিনল্যান্ডে ১১ দিনের সফর শেষে দেশে ফিরেছেন। প্রধানমন্ত্রী এবং তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইট গতকাল শনিবার সকাল ১০টা ৫৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সেখান থেকে প্রধানমন্ত্রী গণভবনে পৌঁছালে আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

প্রধানমন্ত্রী তার ত্রিদেশীয় সফরের শুরুতে গত ২৮ মে জাপানের রাজধানী টোকিও যান। গতকাল বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে      উপস্থিত ছিলেন: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল (অব) তারিক আহমেদ সিদ্দিক, জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী লিটন, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলসহ উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তাবৃন্দ। 

প্রধানমন্ত্রীর সাংবাদিক সম্মেলন আজ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ রবিবার বিকাল ৫টায় গণভবনে সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখবেন। জাপান, সৌদি আরব ও ফিনল্যান্ডে ১১ দিনের সফরের অর্জন ও সফলতা তুলে ধরতে এই সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়েছে। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম ইত্তেফাককে এ কথা জানান।