ইউরোপের ফুটবল বাজারে অনেকদিন ধরেই গুঞ্জন, এই গ্রীষ্মেই মরিনিও পচেত্তিনোকে ছাঁটাই করে দেবে পিএসজি। যদিও আর্জেন্টাইন কোচের সঙ্গে চুক্তির মেয়াদ আরও এক বছর রয়েছে। কিন্তু তাকে আর রাখতে চাচ্ছে না ক্লাব কর্তৃপক্ষ। তবে ফরাসি জয়ান্টরা আনুষ্ঠানিকভাবে এখন পর্যন্ত এ ব্যাপারে কিছু বলেনি।
এ ব্যাপারে পিএসজির কাতারি মালিক নাসের আল খেলাইফিকে প্রশ্ন করলে তিনি বলেন, ‘আমরা এ ব্যাপারে এখনই কথা বলতে পারবো না। সঠিক সময় হলে এটা করবো, এখন নয়।’ স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।
গুঞ্জন ছিল, ফ্রান্স ও রিয়াল মাদ্রিদ কিংবদন্তী জিনেদিন জিদানকে কোচ হিসেবে নিয়োগ দিতে চায় পিএসজি। সে জন্য নাকি তার কাছে প্রস্তাবও দেওয়া হয়েছে। সেই প্রস্তাবে কোচ হিসেবে রিয়ালকে তিন বার চ্যাম্পিয়নস লিগ জেতানো জিদান না করে দিয়েছেন বলেও খবর বের হয়। তবে খেলাইফি বলছেন, তারা নাকি কখনই জিদানের সঙ্গে কথা বলেননি।
নাসের আল খেলাইফি বলেন, ‘জিদান সম্পর্কে আমি কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে চাই। সে এমন একজন ব্যক্তি যাকে আমি একজন খেলোয়াড় ও কোচ হিসেবে অনেক পছন্দ করি এবং তাকে ভালোবাসি। তবে আমরা তার সঙ্গে কখনই কথা বলিনি। তাকে আমি অনেক সম্মান ও এপ্রিশিয়েট করি। মিডিয়ায় অনেক কিছুই আসে।’