ঈশ্বরদীতে পদ্মায় বাড়ছে পানি, শুরু হয়েছে নদী ভাঙন

পাবনার ঈশ্বরদীতে পদ্মা নদীতে পানি বেড়েই চলেছে। সেইসঙ্গে শুরু হয়েছে নদী ভাঙন। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছে পদ্মা পাড়ের মানুষ। প্রতিদিনই ৩০ থেকে ৫০ সেন্টিমিটার পানি বেড়ে চরাঞ্চল ডুবতে শুরু করেছে।

নদী ভাঙনের ফলে হুমকির মুখে রয়েছে সাঁড়ায় লালনশাহ সেতু রক্ষাবাঁধ ও নদীর বাম তীর সংরক্ষণ বাঁধ। সাঁড়ার থানাপাড়া ও ব্লকপাড়ায় বাঁধের সামনের জমি ভাঙতে শুরু করেছে। ইতোমধ্যে বাঁধের সামনের ১০ বিঘা জমি নদীতে বিলীন হয়েছে।

সাঁড়া ইউনিয়নের ঝাউদিয়া ব্লকপাড়া গ্রামের হযরত আলী জানান, সাঁড়ার এই নদীর পাড়ে কয়েক মাস পূর্বে বালুর বস্তা ফেলে ভাঙনরোধ করার চেষ্টা করা হয়েছিল। এবার আবারও নদীতে ভাঙন দেখা দিয়েছে। 

সাঁড়া থানা পাড়া এলাকার আঞ্জুয়ারা বেগম আঞ্জু বলেন, নদীর পানি বৃদ্ধি দেখে আমাদের মনে আতঙ্ক দেখা দিয়েছে। এমনতিই নদীতে আমাদের বসতবাড়ি-জমিজমা হারিয়েছি। এখন বাঁধের পাশে রেলের পরিত্যক্ত জায়গায় বাড়ি করে আছি। বাঁধের সামনে জমিতে ভাঙন দেখা দিয়েছে। যদি তীব্র সোতে বাঁধ ভেঙে যায় তাহলে আমাদের বাড়ি-ঘরও ভেঙে যাবে।

ছবি: ইত্তেফাক

পাবনা পানি উন্নয়ন বোর্ড পাকশী হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টের গ্রেজ রিডার আরিফুন নাঈন ইবনে সালাম জানান, বুধবার (২২ জুন) বিকেলে পাকশী হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে পানির প্রবাহ ছিল ৯.৪৫ মিটার। এই পয়েন্টে পানির বিপৎসীমা ১৪.২৫ মিটার। বিপৎসীমার প্রায় ৫ মিটার নিচে রয়েছে পানি প্রবাহ। প্রতিদিনই পানি বাড়ছে।

পাবনা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সারোয়ার জাহান সুজন বলেন, কিছুদিন পূর্বে আমি সরেজমিনে সাঁড়া ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেছি। সেখানে জিও প্যাক ডাম্পিং করে ভাঙন রোধ করা হয়েছে। আবারও ভাঙন দেখা দিলে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হবে।