লাখাইয়ে সংঘর্ষের ঘটনায় ২ হাজার জনের বিরুদ্ধে মামলা:আটক ৩৩

হবিগঞ্জের লাখাইয়ে দুই পক্ষের সংঘর্ষে এক ব্যক্তি নিহত ও পুলিশসহ অর্ধশত লোক আহতের ঘটনায় ২ হাজার জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। লাখাই থানার এসআই শফিকুর রহমান বাদী হয়ে পুলিশের উপর হামলার অভিযোগে শনিবার মামলাটি দায়ের করেন। এর প্রেক্ষিতে ৩৩ জনকে আটক করা হয়েছে। সংঘর্ষে নিহত জামিরুল ইসলামের মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। তবে হত্যাকাণ্ডের ঘটনায় এখনো কোনো মামলা দায়ের করা হয়নি।

পুলিশ ও এলাকাবাসী জানায়, উপজেলার আমান উল্লাহপুরের বাসিন্দা লাখাই ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বাবলু এবং রুহিতনশী গ্রামের বাসিন্দা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শরীফ উদ্দিনের লোকজনের মধ্যে ঢাকায় একটি সমিতির লটারির টাকার ভাগাভাগি নিয়ে বিরোধ দেখা দেয়। ঈদুল ফিতর উপলক্ষে উভয়পক্ষের লোকজন গ্রামের বাড়িতে এলে উল্লেখিত বিরোধের জের ধরে তারা শুক্রবার দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এতে জামিরুল ইসলাম নামে একজন মারা যায়। সংঘর্ষে পুলিশসহ অর্ধশত লোক আহত হয়। উক্ত ঘটনায় এসআই শফিকুর রহমান বাদী হয়ে শনিবার বিকালে অন্তত ২ হাজার জনকে আসামি করে পুলিশ এসল্ট মামলা দায়ের করে। এদিকে শুক্রবার রাত থেকে শনিবার দিনভর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে উক্ত ৩৩ জনকে আটক করা হয়।

লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. এমরান হোসেন জানান, নিহত জামিরুলের দাফন সম্পন্ন হয়েছে। ইতোমধ্যে ৩৩ জনকে আটক করা হয়েছে। হাঙ্গামাকারীদের গ্রেফতারে অভিযান চলছে। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত আছে। এখনো হত্যাকাণ্ডের ঘটনায় কোনো মামলা দায়ের হয়নি। সংঘর্ষে ১৫ জন পুলিশ সদস্য আহত হয়েছেন।