যুক্তরাজ্যে মূল্যস্ফীতি বেড়ে ৪০ বছরের মধ্যে সর্বোচ্চ

করোনা মহামারির পর রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধকে কেন্দ্র করে বিশ্ব জুড়ে উচ্চ মূল্যস্ফীতি দেখা দিয়েছে| দেশে দেশে বেড়ে গেছে খাদ্যপণ্যের দাম| যুক্তরাজ্যে এ সংকট প্রকট আকার ধারণ করেছে| খাদ্যের দাম বেড়ে আকাশচুম্বি হয়েছে| এতে সেখানের মূল্যস্ফীতি বেড়ে ৪০ বছরের মধ্যে সর্বোচ্চ হয়েছে| গত মাসে দেশটির মূল্যস্ফীতি বেড়ে ৯ দশমিক ১ শতাংশে দাঁড়ায়|

বুধবার যুক্তরাজ্যের জাতীয় পরিসংখ্যান বিভাগ জানায়, চলতি বছরের মে মাসের মূল্যস্ফীতি ১৯৮২ সালের মার্চের পর সর্বোচ্চ হয়েছে| তাছাড়া পরিস্থিতি আরো খারাপের আশঙ্কা করা হচ্ছে| জানা গেছে, চলতি বছরে মার্কিন ডলারের বিপরীতে সবচেয়ে খারাপ পারফর্ম করার মুদ্রাগুলোর মধ্যে স্টারলিং অন্যতম| এদিকে যুক্তরাজ্যের ধারাবাহিক মূল্যস্ফীতি ও অর্থনৈতিক স্থবিরতার কারণে অনেক বিনিয়োগকারী উদ্বেগ প্রকাশ করেছে| তাছাড়া জ্বালানি আমদানির বিল ও ব্রেক্সিট ইস্যুতে ইউরোপের সঙ্গে দেশটির বাণিজ্য সংকট দেখা দিতে পারে| রেজুলিউশন ফাউন্ডেশন থিংক-ট্যাংকের সিনিয়র অর্থনীতিবিদ জ্যাক লেসলি বলেন, অর্থনৈতিক পর্যবেক্ষণগুলো পরিষ্কার নয়| এখনো কেউ জানে না মূল্যস্ফীতির এই হার কোথায় থামাবে ও কখন থামবে|