দেবে গেছে রামচন্দ্রদী স্টিল ব্রিজের পূর্বপাশ

দেবে গেছে আড়াইহাজারের রামচন্দ্রদী স্টিল ব্রিজের পূর্ব পাশ। কড়ইতলা এলাকার কয়েকজন অটোচালক জানালেন তারা জীবনের ঝুঁকি নিয়ে ব্রিজ পার হচ্ছেন। ব্রিজের একপাশ ভেঙ্গে সৃষ্টি হয়েছে গর্ত। এখন কোনোভাবে ব্রিজ পার হয় যানবাহন।  

বৃহস্পতিবার (২৩ জুন) সকালে একটি সিএনজি  ওই গর্তে পড়ে  গেলে ৫ জন আহত হয়েছেন। এলাকাবাসীর অভিযোগ সওজ এর প্রকৌশলীরা ব্রিজের রক্ষণাবেক্ষন করে না। 

এই রুটের সিএনজি চালক জিলানী, শফিকুল ও জামিল জানালেন, একেতো গাড়ির চাপ বেশি। তার উপর দীর্ঘদিন সংস্কার হয় না। এ কারণেই ব্রিজের পূর্বপাশ দেবে গেছে। আমরা জীবনের ঝুঁকি নিয়ে ব্রিজ পার হই।

বিশনন্দি ফেরিঘাটের মাইক্রোবাস চালকরা বলেন, আমরা অনেক ঝুঁকি নিয়ে চলি। দুঃখের বিষয় এই ব্রিজ দিয়ে ভারী যানবাহন চলছে। ফলে ব্রিজের এই দুর্দশা। ব্রিজটি আরও ১০-২০ বছর টিকতো যদি ভারী যানবাহন না চলতো। এসিবাস চলে। ট্রাক চলে।

নারায়ণগঞ্জ সওজ এর নির্বাহী প্রকৌশলী মেহেদী ইকবাল জানান, শিগগিরিই ব্রিজটি মেরামতের ব্যবস্থা নেওয়া হবে।