শ্রীলঙ্কায় উৎসবের আনন্দ

অর্থনৈতিক সংকটের কারণে অস্হিরতার মধ্য দিয়ে যাচ্ছে শ্রীলঙ্কা। এমন বিপর্যয়ের মধ্যে খানিকটা আনন্দ দিচ্ছে ক্রিকেট। প্রথমে বাংলাদেশ সফরে এসে টেস্ট সিরিজ জয়। তবে অস্ট্রেলিয়ার বিপক্ষে এক ম্যাচ হাতে রেখেই ওয়ানডে সিরিজ নিশ্চিত করাটা উৎসবে পরিণত করেছে দেশকে। কলম্বোয় রুদ্ধশ্বাস থ্রিলারে চতুর্থ ওয়ানডেতে অজিদের ৪ রানে হারায় লঙ্কানরা।

সিরিজ জয়ের পর পরই স্টেডিয়াম ছেড়ে স্বাগতিক দর্শকরা উদ্দাম আনন্দে মেতে উঠে। ঘরের মাঠে ৩০ বছর পর অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়, তাতে আর বসে থাকা যায় নাকি। তাই তো ম্যাচশেষে লঙ্কান অধিনায়ক দাসুন শানাকা বলেন, ‘এই মুহূর্তটা শ্রীলঙ্কা ক্রিকেট ও পুরো দেশের জন্য খুব প্রয়োজন ছিল। আমি মনে করি পুরো শ্রীলঙ্কার তা উদ্যাপন করা উচিত।’

শেষ ওভারে জয়ের জন্য ১৯ দরকার ছিল অজিদের। পাঁচ বলে তিন চার ও ডাবলে ১৪ রান তুলে ম্যাচ জমিয়ে দেন কুনেমান। কিন্তু শেষ বলে আর চমক দেখানোর বদলে উইকেটটাই দিয়ে আসেন তিনি। এর আগে টস হেরে ২৫৮ রানের পুঁজি পায় শ্রীলঙ্কা। ১০৬ বলে ১০ চার ও ১ ছয়ে ১১০ রান করে ম্যাচ সেরা হন আসালাঙ্কা।