স্বামীকে বেঁধে স্ত্রীকে ধর্ষণ, ২ জনের যাবজ্জীবন

রংপুরের পীরগঞ্জে স্বামীকে গাছের সঙ্গে বেঁধে রেখে স্ত্রীকে তুলে নিয়ে ধর্ষণের ঘটনায় দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার বিকেলে রংপুরের নারী ও শিশু নির্যাতন দমন আদালত-৩ এর বিচারক এম আলী আহাম্মেদ এ রায় প্রদান করেন। রায় ঘোষণার সময় দুই আসামি আদালতে উপস্থিত ছিল।

বাদী পক্ষে মামলা পরিচালনা করেন বিশেষ পিপি তাইবুর রহমান লাইজু এবং এপিপি মাকজিয়া হাসান দীবা। অন্যদিকে আসামি পক্ষে আইনজীবী ছিলেন আব্দুস সালাম।

মামলার বিবরণে জানা গেছে, ২০০৪ সালের ১ সেপ্টেম্বর রংপুরের পীরগঞ্জ উপজেলার একবারপুর গ্রামে এক ব্যক্তি তার স্ত্রীকে নিয়ে দাওয়াত খেয়ে আসেন।রাত ১১টার দিকে তারা বাসায় ফিরছিলেন। পথে আসামি একরামুল হক ও আবুল কালাম আজাদ তাদের পথরোধ করে। আসামিরা অস্ত্রের মুখে স্বামীকে একটি গাছের সঙ্গে বেঁধে তার স্ত্রীকে তুলে নিয়ে ধর্ষণ করে। পরে তাদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে স্বামী-স্ত্রীকে উদ্ধার করে। এ ঘটনায় নির্যাতিতা গৃহবধূর স্বামী বাদী হয়ে পীরগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেন।