রাজধানীর বনানী ও নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকা থেকে চুরি ও ছিনতাইকৃত মোবাইল কারবারি চক্রের ৭ সদস্যকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
তারা হলো চোর চক্রের হোতা আবুল হোসেন, তার সহযোগী মো. নজরুল ইসলাম, তাজুউদ্দিন আহম্মেদ, মাঈনউদ্দিন, সুজন মিয়া, মানিক ও মো. লিটন মিয়া। গত বৃহস্পতিবার ধারাবাহিক অভিযানে তাদেরকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৬৫টি ট্যাব, ১ হাজার ১৫টি টাচ মোবাইল, ৩১৭টি বাটন মোবাইল, ৬টি সিমকার্ড এবং ২০ হাজার টাকা উদ্ধার করা হয়।
র্যাব-৩ এর স্টাফ অফিসার (অপস্ ও ইন্ট শাখা) পুলিশ সুপার বীণা রানী দাস শুক্রবার বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃতরা মোবাইল ফোন ছিনতাই ও চোর চক্রের সঙ্গে যোগসাজশে চোরাই ও ছিনতাইকৃত মোবাইল ক্রয় ও বিক্রয়ের ব্যবসা করে আসছিল। ঢাকাসহ বিভিন্ন এলাকায় ছিনতাই করা মোবাইল ফোনসেটগুলো হাত ঘুরে এই চক্রের কাছে অল্প দামে বিক্রি হয়। এরপর তারা অবস্থা বুঝে বিক্রি করে। ছিনতাই ও চোরাই মোবাইলের ক্রেতারা একটু নিম্ন শ্রেণির হয়।