পাওনা ৮ হাজার টাকার বদলে দাবি ৮০ হাজার, দিনমজুরের আত্মহত্যা

পাওনাদারের টাকা পরিশোধ করতে না পারায় প্রাণের ভয়ে মনরুদ্দিন নামে এক দিনমজুর নিজ ঘরে গলায় রশি দিয়ে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছেন বলে জানা গেছে।

 শুক্রবার (২৪ জুন) সিংগাইর উপজেলার বায়রা ইউনিয়ন চারাভাঙ্গা গ্রামে এমনটি ঘটে। এলাকাবাসী জানায়, নিহত মনরুদ্দিনের আগের ঘরের এক ছেলে বলধারার তেলিখোলার একটি ইটভাটা থেকে দাদনে ৮ হাজার টাকা আনেন। কাজ শেষ না করে তিনি এক মাস আগেই চলে আসেন।

এতে ইটভাটার সর্দার আলমাস হোসেন তার কাছ থেকে ৮০ হাজার টাকা দাবি করে সাদা স্ট্যাম্পে স্বাক্ষর নেন। ছেলেকে না পেয়ে পিতা মনরুদ্দিনের বাড়িতে এসে আলমাস সর্দারের লোকজন হুমকি দিয়ে যায় গতকাল সকাল ৯টার মধ্যে টাকা পরিশোধ না করলে তাকেই মেরে পানিতে ভাসিয়ে দেওয়া হবে। এই ভয়েই সকাল ৯টার দিকে মনরুদ্দিন আত্মহত্যার পথ বেছে নেন।

তদন্ত কর্মকর্তা এসআই মওদুদ কামাল বলেন, লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।