নড়াইল সদরে ভারতের বিতর্কিত বিজেপি নেত্রী নূপুর শর্মাকে সমর্থন করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার অভিযোগে এক কলেজছাত্রকে আটক করা হয়েছে। ১৮ জুন (শনিবার) বিকেলে নড়াইল সদর থানার পুলিশ তাকে আটক করে। নড়াইলের পুলিশ সুপার প্রবীর কুমার রায় এই তথ্য নিশ্চিত করেছেন।
আটক অভিযুক্ত সদরের মির্জাপুর ইউনাইটেড ডিগ্রি কলেজের প্রথম বর্ষের ছাত্র।
এলাকাবাসীর বরাত দিয়ে পুলিশ জানায়, শনিবার সকালে অভিযুক্ত ছাত্র ফেসবুকে ভারতের বিতর্কিত বিজেপি নেত্রী নূপুর শর্মার সমর্থনে একটি স্ট্যাটাস দেয়। পরে ওই কলেজের শিক্ষার্থীরা তাকে আটকে রেখে বিষয়টি কলেজের অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাসকে জানায়। স্বপন কুমার বিশ্বাস এ বিষয় নিয়ে কোনো সমাধান দিতে না পারলে শিক্ষার্থীদের সঙ্গে এলাকাবাসী বিক্ষুব্ধ হয়ে ওঠে। এসময় বিক্ষুব্ধ শিক্ষার্থীরাসহ এলাকাবাসী কলেজ ঘেরাও করে রেখে তিনটি মোটরসাইকেলে আগুন দিয়ে পুড়িয়ে দেয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ ও কয়েক রাউন্ড টিয়ার শেল নিক্ষেপ করে বিক্ষুব্ধ জনতাকে ছত্রভঙ্গ করে দেয়। বিষয়টি জানার পর নড়াইলের জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান, পুলিশ সুপার প্রবীর কুমার রায়, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত কবির ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে ঘটনাস্থল থেকে পুলিশ কলেজের অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাস ও অভিযুক্ত ছাত্রকে উদ্ধার করে নিয়ে আসে। অভিযুক্ত ছাত্রকে আদালতে হাজির করলে বিচারক তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
নড়াইলের পুলিশ সুপার প্রবীর কুমার রায় বলেন, ‘ফেসবুকে স্ট্যাটাস দেওয়া যুবককে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে ওই এলাকার পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে আছে।’
নড়াইলের জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান বলেন, ‘নড়াইল-১ আসনের এমপি মহোদয় রবিবার মীর্জাপুর এলাকায় এসে এ বিষয় নিয়ে এলাকাবাসীর সঙ্গে কথা বলবেন বলে জানিয়েছেন। আমরা অধ্যক্ষসহ অভিযুক্তকে নিয়ে এসেছি। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। ওই এলাকায় যেন আর কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।’