উইকেটের খোঁজে বাংলাদেশ

সেন্ট লুসিয়ার ড্যারেন সামি স্টেডিয়ামের এই পিচটা সম্পূর্ণ ব্যাটিং সহায়ক। তবু, গতকাল টেস্টের প্রথম দিন টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক ক্রেইগ ব্রাথওয়েট। মূলত সাদা পোশাকে বাংলাদেশি ব্যাটারদের অফফর্মই তাকে এ সিদ্ধান্ত নিতে সাহস জুগিয়েছে। স্বাগতিক বোলাররাও দারুণ পারফর্ম করেছে। তাদের দাপুটে বোলিংয়ে মাত্র ২৩৪ রানে অলআউট হয়ে গেছে সফরকারীরা। পিচের ফায়দা তুলে নিতে ব্যর্থ সাকিব বাহিনী।

তবে সেই ভুলে আর পা বাড়াননি ক্যারিবিয়ান ব্যাটাররা। গতকালই ব্যাট করতে নেমে কোনো উইকেট হারাতে দেননি দুই ওপেনার ব্রাথওয়েট ও জন ক্যাম্পবেল। আজ দ্বিতীয় দিনও সেই ধারা এখন পর্যন্ত বজায় রেখেছেন। বাংলাদেশি বোলারদের দেখেশুনে খেলে বড় সংগ্রহের দিকে এগোচ্ছেন তারা।

এই রিপোর্ট লেখার সময় ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ বিনা উইকেটে ১০০ রান। ব্রাথওয়েট ৪২ ও ক্যাম্পবেল ৪৫ রানে অপরাজিত। অন্যদিকে, তাদের জুটি ভাঙার জন্য একের পর এক বোলার পরিবর্তন করছেন বাংলাদেশ অধিনায়ক সাকিব। কিন্তু কোনো সফলতা মিলছে না।

এর আগে গতকাল নিজেদের প্রথম ইনিংসে বাংলাদেশের পক্ষে লিটন দাস ৫৩, তামিম ইকবাল ৪৬, এনামুল হক বিজয় ২৩, নাজমুল হোসেন শান্ত ২৬ ও মাহমুদুল হাসান জয় ১০ রান করেন। শেষ দিকে এবাদত হোসেন ও শরিফুল ইসলামের ক্যারিয়ার সেরা ব্যাটিংয়ে ২৩৪ রানের পুঁজি পায় সফরকারীরা। এবাদত করেন ২১ ও শরিফুল ২৬ রান।