বিজিবির সীমান্ত পরিবার কল্যাণ সমিতির উদ্যোগে বন্যাদুর্গতদের মধ্যে ত্রাণ বিতরণ

শনিবার দুপুরে বিজিবির সুনামগঞ্জ ব্যাটালিয়নের (২৮ বিজিবি) ব্যবস্থাপনায় বিজিবির ‘সীমান্ত পরিবার কল্যাণ সমিতি (সীপকস)’ এর শাখা সীপকস, সরাইল এর অধীনস্থ উপশাখা সীপকস, সুনামগঞ্জের পক্ষ থেকে বন্যাদুর্গত এলাকার অসহায় দুস্থ ও দরিদ্র মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। 

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার মান্নারগাঁও ইউনিয়নের গোবর্দ্ধনগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সীমান্তবর্তী প্রত্যন্ত অঞ্চলের বন্যাদুর্গত ২০০টি দুস্থ ও অসহায় পরিবারের মাঝে ত্রাণসামগ্রী হিসেবে চাল, ডাল, আটা, তৈল, চিনি এবং এক হাজার টাকা করে বিতরণ করা হয়েছে।

উল্লেখ্য, বিজিবি সদস্যদের পরিবারবর্গের সংগঠন সীমান্ত পরিবার কল্যাণ সমিতি (সীপকস) বিভিন্ন উন্নয়নমূলক ও জনকল্যাণমুখী কর্মকাণ্ড পরিচালনার পাশাপাশি দেশের যেকোনো দুর্যোগ মোকাবিলায় এবং আপামর জনগণের সাহায্য ও সহযোগিতায় অগ্রণী ভূমিকা পালন করে থাকে। এরই ধারাবাহিকতায় সংগঠনটি সাম্প্রতিক বন্যা শুরু হওয়ার পর থেকেই দেশের বিভিন্ন প্রান্তে সীমান্তবর্তী বন্যাদুর্গত অসহায় প্রান্তিক জনগণের পাশে দাঁড়িয়েছে।