মাছ ধরতে গিয়ে বজ্রাঘাতে যুবক নিহত

খালে মাছ ধরতে গিয়ে কক্সবাজার সদরের চৌফলদন্ডীতে এক যুবক বজ্রাঘাতে নিহত হয়েছেন। রবিবার সকাল সাড়ে ৯টার দিকে চৌফলদন্ডী খামারপাড়া দক্ষিণখালে এ বজ্রপাতের ঘটনা ঘটে। নিহত মো. রাসেল মিয়া (২৬) চৌফলদন্ডী ইউনিয়নের ৬নং ওয়ার্ড খামারপাড়ার মরহুম মমতাজ আহমদের দ্বিতীয় ছেলে।

চৌফলদন্ডী ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান ওয়াজ করিম বাবুল কোম্পানি তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, ‘রবিবার  (৯ জুন) সকালে বাড়ির পাশের খামারপাড়ার দক্ষিণে লবণমাঠের খালে মাছ ধরতে গিয়েছিলেন রাসেল। হঠাৎ বজ্রসহ বৃষ্টি হলে বজ্রাঘাতে আহত হয়। তাকে উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে নেওয়া হলে স্বাস্থ্যকর্মীরা তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: মধুখালীতে প্রতিপক্ষের মারপিটে ৫ মাসের অন্তঃসত্ত্বার মরা বাচ্চা প্রসব

রবিবার বাদ আছর খামারপাড়া জামে মসজিদে জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হয়। তার অকাল মৃত্যু পরিবার, স্বজন ও এলাকায় শোকের ছায়া ফেলেছে।

ইত্তেফাক/নূহু