বিলুপ্তপ্রায় মেছোবাঘটিকে বাঁচানোর চেষ্টা

মেহেরপুরের নির্জন এক পল্লী থেকে মৃতপ্রায় একটি মেছোবাঘ উদ্ধার করা হয়েছে। মৃতপ্রায় মেছোবাঘটিকে বাঁচিয়ে তোলার প্রাণপণ চেষ্টা করছেন উপজেলা ভেটেরিনারি সার্জন নুর আলম। রবিবার দুপুরে মেহেরপুর সদর উপজেলা প্রাণী সম্পদ অফিসে গিয়ে দেখা যায় তিনি প্রাণীটিকে চিকিৎসা সেবা দিচ্ছেন।

উপজেলা ভেটেরিনারি সার্জন নুর আলম বলেন, ‘সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে বাবুরপাড়া থেকে মেছোবাঘটিকে উদ্ধার করে উপজেলা প্রাণী সম্পদ কার্যালয়ে নিয়ে এসে চিকিৎসা শুরু করেছি। প্রাণীটিকে আঘাত করে মাথার খুলি গুড়ো করে দেওয়া হয়েছে। অবস্থা সংকটাপন্ন। নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। বাঁচার সম্ভাবনা কম। তবে কিছুটা সুস্থ হলেই আমরা বনবিভাগের কাছে হস্তান্তর করবো।’

তিনি বলেন, ‘মাথায় আঘাতটা কম হলেও বাঁচার সম্ভাবনা ছিল। এখন পর্যন্ত বুঝতে পারছি না কি হবে। তবে চেষ্টা করছি তাকে সুস্থ করে তোলার।’

নুর আলম বলেন, ‘মেছোবাঘ কখনো মানুষের ক্ষতি করে না। এরা সাধারণত মাছ শিকার করে বেঁচে থাকে। মানুষ না বুঝেই আতঙ্কিত হয়ে এদের ওপর হামলা করে। এ ব্যাপারে সচেতন হওয়া প্রয়োজন।’

স্থানীয়রা জানান, শনিবার রাতে গ্রামবাসী মেছোবাঘটিকে একটি পুকুর পাড়ে দেখতে পেয়ে আটক করার চেষ্টা করে। এ সময় মেছোবাঘটি হুঙ্কার দিলে লোকজন ভয় পায়। এ সময় স্খানীয় ইউপি সদস্য সোহেল রানাসহ কয়েকজন লাঠি দিয়ে মেছোবাঘটিকে বেদম মারপিট করে। এ সময় মেছোবাঘটি মাটিতে লুটিয়ে পড়ে।

আরও পড়ুন: গোবিন্দগঞ্জে নদীতে গোসল করতে গিয়ে কিশোর নিখোঁজ

পরে ইউপি সদস্য উপজেলা নির্বাহী অফিসারকে ফোন দিলে তিনি উপজেলা প্রাণী সম্পাদ অফিসের ভেটেরিনারি সার্জন নুর আলমকে জানান। নুর আলম রবিবার সকালে ঘটনাস্থলে গিয়ে মেছোবাঘটিকে উদ্ধার করে প্রাণী সম্পদ কার্যালয়ে নিয়ে যান।

ইত্তেফাক/নূহু