সম্প্রতি নড়াইলে পুলিশের সামনে শিক্ষকের গলায় জুতার মালা পরিয়ে অপদস্ত করার প্রতিবাদ জানিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক জি এইচ হাবীব এবং একজন মুক্তিযোদ্ধা ও বামপন্থি কর্মী আব্দুল হক।
সোমবার (২৭ জুন) সকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে ‘আমিও স্বপন কুমার বিশ্বাস’ লেখা প্লে-কার্ড প্রদর্শন করে প্রতিবাদ জানান ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক জিএইচ হাবীব ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল হক।
সম্প্রতি ফেসবুকে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নূপুর শর্মার সমর্থনে মির্জাপুর ইউনাইটেড ডিগ্রি কলেজের এক শিক্ষার্থীর পোস্ট দেওয়াকে কেন্দ্র করে গত ১৮ জুন বিক্ষোভ করে শিক্ষার্থীরা। এরপর গুজব ছড়িয়ে পড়ে পোস্ট দেওয়া ওই শিক্ষার্থীর পক্ষ নিয়েছেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাস। এ ঘটনার পর পুলিশ পাহারায় তাকে ক্যাম্পাসের বাইরে নিয়ে যাওয়া হয়। এসময় তাকে দাঁড় করিয়ে পুলিশের সামনেই গলায় জুতার মালা পরিয়ে হেনস্তা করা হয়। পরে তাকে পুলিশি হেফাজতে নিয়ে যাওয়া হয়।
জিএইচ হাবীব বলেন, সম্প্রতি নড়াইলে যে ন্যক্কারজনক ঘটনা ঘটেছে, স্বপন কুমার বিশ্বাসকে যেভাবে হেনস্তা করা হয়েছে তার প্রতিবাদে আমরা দাঁড়িয়েছি। শিক্ষক হিসেবে মনে হয়েছে আমার এটা প্রতিবাদ করা দরকার। একটু দেরিই হয়ে গেল বোধ হয়, আরও আগেই দাঁড়ানো দরকার ছিল। আমার পাশে মুক্তিযোদ্ধা ও বামপন্থি কর্মী আব্দুল হক সাহেব দাঁড়িয়েছেন।
মুক্তিযোদ্ধা আব্দুল হক বলেন, ধর্ম ব্যবহার করে আমাদের দেশের মানুষকে বোকা বানানো সহজ। ধর্মকে কেউ কেউ নিজেদের স্বার্থে ব্যবহার করে।