জনশুমারি ও গৃহগণনায় উপেক্ষিত প্রতিবন্ধী ব্যক্তিদের তথ্য বাদ পড়াদের অন্তর্ভুক্তির দাবি

জনশুমারি ও গৃহগণনায় প্রতিবন্ধী ব্যক্তিদের তথ্য সংগ্রহের বিষয় উপেক্ষিত হয়েছে বলে জানান প্রতিবন্ধী ব্যক্তি, মানবাধিকারকর্মী এবং প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়ে কাজ করা সংস্থাসমূহ। 

তারা মনে করেন, জনশুমারি ও গৃহগণনার অধিকাংশ তথ্য সংগ্রহকারী প্রতিবন্ধিতাবিষয়ক প্রশ্ন করেননি। এমনকি দৃশ্যমান প্রতিবন্ধী ব্যক্তিদেরও তারা প্রতিবন্ধিতাবিষয়ক কোনো প্রশ্ন করেননি। তাই সদ্য সমাপ্ত জনশুমারি ও গৃহগণনায় প্রতিবন্ধী ব্যক্তিদের সঠিক সংখ্যা পাওয়া যাবে না বলেও আশঙ্কা করেন তারা। আর নির্ভরযোগ্য তথ্যের অভাবে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য পরিকল্পনা প্রণয়ন, প্রকল্প তৈরি ও বাজেট বরাদ্দ যথাযথ হবে না। ব্যাহত হতে পারে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা। তাই গণমাধ্যমে বিষয়টি প্রচার এবং কেবল প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য এক সপ্তাহ সময় বাড়ানোর দাবি করেন তারা, যাতে সব প্রতিবন্ধী ব্যক্তি সপ্রণোদিতভাবে স্থানীয় তথ্য সমন্বয়কারীদের মাধ্যমে নিজেদের তথ্য যুক্ত করতে পারেন। 

স্থানীয় তথ্য সমন্বয়কারী বলেছেন, কোথাও তথ্য সংগ্রহ করা না হলেও এক দিনে (২২ জুন পর্যন্ত) অভিযোগের ভিত্তিতে তাদের তথ্য যুক্ত করা হচ্ছে। আর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, প্রতিবন্ধী ব্যক্তিদের তথ্য সংগ্রহ করা হয়নি বিষয়টি ঠিক নয়।

প্রতিবন্ধী ব্যক্তিরা যা বলেছেন :শারীরিক প্রতিবন্ধী নারী সাজেদা আক্তার জানান, তিনিসহ আরো ৯ জন প্রতিবন্ধী নারী মিলে মিরপুর-২ এলাকায় একটি বাসায় ভাড়া থাকেন। জনশুমারি ও গৃহগণনার তথ্য সংগ্রহকারী তাদের বাড়িতে না এসে বাড়ির নিচতলা থেকেই তারা কত জন থাকেন তা জেনে চলে যান। ২২ জুন তার সঙ্গে কথা বলার সময় পর্যন্ত তিনি জনশুমারিতে তাদের ১০ জনের তথ্য যুক্ত করতে পারেননি।