রবিবার ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে উপজেলা পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীর গাড়ি ও গানম্যানকে আটক করেছে পুলিশ। স্বতন্ত্র প্রার্থীর নাম নাছিমা লুৎফুর রহমান। তিনি আসন্ন ৫ম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে ঘোড়া মার্কার স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী।
তার নিজস্ব গানম্যানের নাম মো. শামিম মিয়া (৩৬)। শামিম মিয়াকে লাইসেন্স করা অস্ত্রসহ এবং আটক করেন সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এবিএম মশিউজ্জামান।
জানা যায়, আসন্ন ৫ম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে ঘোড়া মার্কার স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী নাছিমা লুৎফুর রহমান গাড়ি নিয়ে উপজেলার বুধন্তি ইউনিয়নের ইসলামপুর গ্রামে গণসংযোগে যায়। এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট এবিএম মশিউজ্জামান নাসিমা লুৎফুর রহমানের ব্যবহৃত জীপ (ঢাকা মেট্রো-ঘ-১১-৮৭৯৪) গাড়িটি জব্দ করে থানায় নিয়ে যেতে চেষ্টা করেন। এ সময় গাড়িতে তল্লাশি করে কোন কিছু পায়নি প্রশাসন। পরে তাকে থানায় নিয়ে যেতে চাইলে তিনি যেতে অপারগতা প্রকাশ করেন।
এ ব্যাপারে সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এবিএম মশিউজ্জামান বলেন, ‘নির্বাচনী আচরণবিধি লংঘন করে অস্ত্রসহ গানম্যান নিয়ে চলাচল করার অপরাধে গানম্যান শামিম মিয়া ও গাড়িটি জব্দ করা হয়েছে।’
আরও পড়ুন: শত্রুতা মেটাতে নিরীহ ৮শ হাঁস হত্যা
এ ব্যাপারে নাছিমা লুৎফুর রহমান বলেন, ‘আমার নির্বাচনী প্রচারণায় নামার পর প্রতিপক্ষরা আমার গাড়িতে হামলা চালিয়ে প্রাণনাশের চেষ্টা করেছে। গাড়ি ভাংচুর করেছে। তারপর আমি নিরাপত্তার স্বার্থে সরকারী নিয়ম মেনে গানম্যান নিয়েছি। তবে প্রশাসন আমাকে অবহিত না করেই গানম্যান ও গাড়িটি জব্দ করেছে। জনগণ ভোটের মাধ্যমে এর জবাব দিবে।’
ইত্তেফাক/নূহু