রাজবাড়ীতে স্কুলছাত্রীকে পুড়িয়ে হত্যাচেষ্টা মামলায় ২জন গ্রেফতার

রবিবার রাজবাড়ী সদর উপজেলার স্কুলছাত্রীকে (১৬) আগুনে পুড়িয়ে হত্যাচেষ্টা মামলায় এজাহার নামীয় প্রধান আসামিসহ ২ জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। ওই স্কুলছাত্রীর বাড়ি পাঁচুরিয়া ইউনিয়নের খোলাবাড়িয়া গ্রামে।

ধৃত আসামিরা হলো, সদর উপজেলার পাঁচুরিয়া খোলাবাড়ীয়া গ্রামের জাহাঙ্গীর মিয়াজির স্ত্রী শিল্পি বেগম (৪৫) ও খানাখানাপুর রাস্তা ডাঙ্গা গ্রামের মৃত গোলাম নবী বাবলু মেম্বারের ছেলে সেতু বকস্ (১৮)।

রবিবার দুপুরে রাজবাড়ীর পুলিশ সুপার আসমা সিদ্দিকা মিলি স্কুলছাত্রী পুড়িয়ে হত্যা চেষ্টার ঘটনায় ২ আসামির গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। 

জানা গেছে, গত ১২ এপ্রিল স্কুল থেকে বাড়ি ফেরার সময় অজ্ঞাত পরিচয় কয়েকজন লোক তার মেয়েকে রাস্তার পাশে জঙ্গলে নিয়ে হত্যার ভয় দেখিয়ে আপত্তিকর ছবি তোলে। এরপর তা ইন্টারনেটে ছেড়ে দেওয়ার হুমকি দিয়ে ২ লাখ টাকা চাঁদা দাবি করে অজ্ঞাত বখাটে ছেলেরা। চাঁদা দাবিকারীরা ওই টাকা খোলাবাড়ীয়া গ্রামের মালয়শিয়া প্রবাসী জাহাঙ্গীর মিয়াজির স্ত্রী শিল্পি বেগমের (৪৫) নিকট রাখার জন্য বলে।

চাঁদার টাকা না পেয়ে গত ৭ জুন দুপুরে আসামিরা তার মেয়েকে বাড়ি থেকে তুলে নিয়ে পাশ্ববর্তী পাট ক্ষেতে নিয়ে শরীরে আগুন লাগিয়ে হত্যার চেষ্টা করে। এ ঘটনায় শনিবার, ৮জুন ওই মেয়ের বাবা ফজলুর রহমান বাদী হয়ে ৪জনের বিরুদ্ধে রাজবাড়ী থানায় মামলা দায়ের করেন।

আরও পড়ুন: ‘ওসি মোয়াজ্জেমকে কোথাও দেখলে ধরে পুলিশে দিন’

রাজবাড়ী থানার অফিসার ইনচার্জ(ওসি) স্বপন কুমার মজুমদার জানান, অন্যান্য পলাতক আসামিদের গ্রেফতারের জন্য জোর পুলিশি অভিযান চলছে।

ইত্তেফাক/নূহু