সংগীতশিল্পী আরফিন রুমী ও বাঁধন সরকার পূজার সঙ্গে গীতিকাবি জাহিদ আকবরের বেশ কিছু গান জনপ্রিয় হয়েছে। আসন্ন ঈদুল আজহায় ‘সাত জনমের ভালোবাসা’ নিয়ে একসঙ্গে হাজির হচ্ছেন তারা।
সিডি চয়েজের ব্যানারে সাত বছর পর এই গানের মাধ্যমে রুমির সঙ্গে কণ্ঠ দিচ্ছেন বাঁধন সরকার পূজা। গানটির ভিডিও নির্মাণ হয়েছে এরই মধ্যে।
গীতিকার জাহিদ আকবর ইত্তেফাক অনলাইনকে জানান, ‘এটা রোমান্টিক গান। গানের কথায় ভালোবাসা ছুঁয়ে আছে। আরফিন রুমির সঙ্গে আমার প্রেমের গানের রসায়ন বরাবরই সুন্দর। তার সঙ্গে রোমান্টিক গান শ্রোতামহল সাদরে গ্রহণ করেন। ‘সাত জনমের ভালোবাসা’ গানে দ্বৈতকণ্ঠের গানে যোগ হয়েছেন বাঁধন সরকার পূজা। আশাকরি ঈদে অনেক গানের ভিড়ে এই গানটা শ্রোতার মন ছুঁয়ে যাবে।’
গানটি প্রসঙ্গে আরফিন রুমি বলেন, ‘আমার ভক্তদের অপেক্ষার পালা শেষ হবে। দারুণ রোমান্টিক একটা সুর ও সংগীত হয়েছে। জাহিদ আকবর ভাই ও আমার গানের আলাদা একটা শ্রোতাপ্রিয়তা আছে। অনেক দিন পর জাহিদ ভাইয়ের গান কণ্ঠে তুললাম, সঙ্গী হয়েছেন পূজা; তার সঙ্গেও আমার অনেক হিট গান আছে। সব মিলিয়ে এবারের কাজটি আমার শ্রোতাদের জন্য দারুণ কিছু হবে।’
পূজা বলেন, ‘রুমি ভাই আমার ক্যারিয়ারের শুরু থেকেই আছেন। মাঝখানে তিনি গান থেকে একটু আড়ালে ছিলেন। গানে ফিরেই আমাকে সঙ্গী করেছেন। তাঁর কাছে কৃতজ্ঞ।’