পদ্মা সেতুতে ওঠার আগমুহূর্তে আবেগাপ্লুত ও স্বপ্নের এই সেতু বাস্তবায়ন করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে মোনাজাত করে দোয়া করলেন শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা ইকবাল হোসেন অপু। এসময় তাকে আবেগাপ্লুত হয়ে সড়কে চুম্বন করেতেও দেখা যায়।
সোমবার (২৭ জুন) রাত থেকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এসব ছবি ও ভিডিও ছড়িয়ে পড়লে মুহূর্তে ভাইরাল হয়ে যায়।
এ ব্যাপারে ইকবাল হোসেন অপু বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন করেছেন। সেই স্বপ্নের সেতুতে উঠতে গিয়ে আমি আবেগাপ্লুত হয়ে পড়ি। গর্বে আমার বুকটা বড় হয়ে যায়। সকল ষড়যন্ত্র ও চক্রান্ত উপেক্ষা করে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বাংলাদেশের নিজস্ব অর্থায়নে স্বপ্নের এই পদ্মা সেতু বাস্তবায়ন করেছেন। তাই আমি সেতুতে ওঠার আগেই সড়কে চুমু করেছি ও মহান আল্লাহর কাছে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীসহ তাঁর পরিবারের সকলের দোয়া করেছি। আমি শরীয়তপুরবাসীর পক্ষ থেকে প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।
প্রসঙ্গত, ২৬ জুন পদ্মা সেতু উদ্বোধনের দিন করোনা পজিটিভ হওয়ায় জনসভায় যোগ দিতে পারেননি শরীয়তপুরের-১ আসনের এই সংসদ সদস্য। একইভাবে শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য ও পানিসম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম এবং শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য নাহিম রাজ্জাক করোনায় আক্রান্ত হন। যে কারণে তিন সংসদ সদস্য জনসভায় উপস্থিত হতে পারেননি। শনিবার (২৫ জুন) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের নিজেদের ব্যক্তিগত অ্যাকাউন্টে পোস্ট করে করোনা পজিটিভের বিষয়টি নিশ্চিত করেন তারা।