গবেষণায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) সাত জন শিক্ষককে ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড ২০২০ ও ২০২১ প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (২৮ জুন) দুপুরে খুবির শহিদ তাজউদ্দীন আহমদ ভবনের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে এ অ্যাওয়ার্ড প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুবি উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য প্রফেসর ড. হোসনে আরা। ২০২০ সালের অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষকরা হলেন গণিত ডিসিপ্লিনের প্রফেসর ড. মো. হায়দার আলী বিশ্বাস, ফরেস্ট্রি অ্যান্ড উড টেকনোলজি ডিসিপ্লিনের প্রফেসর ড. মো. কামরুজ্জামান, বাংলা ডিসিপ্লিনের প্রফেসর ড. মো. রুবেল আনছার ও অর্থনীতি ডিসিপ্লিনের প্রভাষক সৈয়দ আফরোজ রোমত এবং ২০২১ সালের অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষকরা হলেন ইলেকট্রনিকস অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনের প্রফেসর ড. আব্দুল্লাহ-আল নাহিদ, ফরেস্ট্রি অ্যান্ড উড টেকনোলজি ডিসিপ্লিনের প্রফেসর ড. মো. নজরুল ইসলাম ও ডেভেলপমেন্ট স্টাডিজ ডিসিপ্লিনের প্রভাষক মো. আশফিকুর রহমান। অনুষ্ঠানে অ্যাওয়ার্ডপ্রাপ্ত প্রত্যেক শিক্ষককে ৫০ হাজার টাকার একটি চেক, একটি সনদপত্র ও একটি মেডেল প্রদান করা হয়।
খুবির গবেষণা সেলের পরিচালক (চলতি দায়িত্ব) প্রফেসর ড. কাজী মোহাম্মদ দিদারুল ইসলাম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর খান গোলাম কুদ্দুস ও স্বাগত বক্তব্য রাখেন গবেষণা সেলের যুগ্ম পরিচালক প্রফেসর ড. লস্কর এরশাদ আলী।