সিরাজদিখানে নির্মাণের এক বছর পেরুতেই সেতুর সংযোগ সড়কের অংশবিশেষ ধসে গেছে। এলজিইডি বিভাগের বৃহত্তর ঢাকা গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প-৩ এর আওতায় মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলার ইমামগঞ্জ-বাসাইল-গুয়াখোলা-রামকৃষ্ণদী সড়কের বাসাইল বাজারসংলগ্ন ইছামতি নদীর ওপর ৩০ মিটার পিসি গার্ডার সেতুর ঢালু অংশে এ ধস সৃষ্টি হয়েছে।
জানা যায়, টেন্ডারের শিডিউল অনুযায়ী সেতুর নির্মাণ ব্যয় ধরা হয় ২ কোটি ১৬ লাখ ৩৫ হাজার টাকা এবং নির্মাণের সময়-সীমা দেওয়া হয়েছিল ২০১৯ সাল পর্যন্ত। কিন্তু ঠিকাদার কোম্পানি বিভিন্ন অজুহাত দেখিয়ে কাজ শেষ করেন ২০২১ সালের মার্চ মাসে। সেতুর দুই পাশের ঢালে পার্শ্ববর্তী অংশের তিন দিকে বালির বাঁধ ও একপাশ সিমেন্টের ব্লক দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। নির্মাণের পর থেকে সামান্য বৃষ্টির পানিতে তিন পাশের বালি সরে বড় বড় গর্ত হওয়ায় গাড়ি চলাচলে দারুণ ঝুঁকির সৃষ্টি হচ্ছে। গত সপ্তাহে বৃষ্টির পানিতে সেতুর পশ্চিম পাশে গর্তের সৃষ্টি হওয়ায় ঐ অংশ দিয়ে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে।
বাসাইল গ্রামের সোহরাব খান জানান, রাতের অন্ধকারে ও দিনের বেলায় প্রায় সময়েই ঐ স্থানে দুর্ঘটনা ঘটছে। এ ছাড়া সেতুর দুই পাশের ফ্লোর কার্পেটিং না করে শুধু ইট বিছানো হয়েছে।
এ ব্যাপারে সিরাজদিখান উপজেলা প্রকৌশলী রেজাউল ইসলাম জানান, তিনি নতুন যোগদান করেছেন বিধায় সেতুটি সম্পর্কে তেমন কিছু জানেন না। তবে খবর নিয়ে দ্রুত সমস্যা সমাধানের চেষ্টার আশ্বাস দেন তিনি।