দ্বীপজেলা ভোলার বোরহানউদ্দিনে চাষ হচ্ছে সৌদিসহ মধ্যপ্রাচ্যের খেজুর। এ উপজেলার মাটি খেজুর চাষের উপযোগী হওয়ায় খেজুর চাষে ভালো সম্ভাবনা দেখছেন এখানকার চাষি ও কৃষি বিভাগ। বর্তমানে উপজেলায় বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে, আরবের আজোয়া, সুক্কারি, মরিয়ম, খালাছ, আম্বারসহ বিভিন্ন প্রজাতির খেজুর।
সরেজমিনে জানা যায়, ২০২০ সালের শুরুর দিকে মেসার্স হাজী এগ্রোফার্ম নামে ৪০ শতাংশ জমি নিয়ে টবগী ইউনিয়নে খেজুরের বাগান শুরু করেন ঐ ইউনিয়নের দালালপুর গ্রামের সৌদি প্রবাসী মো. মোসলেম উদ্দিন। খেজুরের পাশাপাশি তিনি চাষ করছেন উন্নত জাতের ড্রাগন ফল।
তিনি জানান, বাগানে বিভিন্ন প্রজাতির প্রায় ২৫০টি খেজুর ও ২১০টি ড্রাগন গাছ রয়েছে। ইতিমধ্যে সুক্কারি জাতের দুটি গাছে খেজুর ধরেছে। ড্রাগনের প্রতিটা গাছেই ফল রয়েছে।
এদিকে তার বাগান দেখে অনেকে খেজুর ও ড্রাগন ফল চাষে আগ্রহী হয়ে উঠছেন।
উপজেলার কৃষি কর্মকর্তা এইচ এম শামীম জানান, আমাদের দেশে বাণিজ্যিকভাবে আরব দেশের খেজুর চাষে আগ্রহ বাড়ছে। এটি ভালো একটি উদ্যোগ। ইতিমধ্যে একজন উপ-সহকারী বাগানটি পরিদর্শন করেছেন। আমিও আগামী সপ্তাহে তার বাগানটি পরিদর্শন করব। খেজুর চাষিদের সব ধরনের পরামর্শ ও সহযোগিতা করব।