২৭ জনকে কামড়ে প্রাণ হারাল শিয়াল

রাজশাহীর বাগমারায় পান বরজে কাজ করতে গিয়ে শিয়ালের কামড়ে আহত হয়েছেন ২৭ জন পানচাষী। মঙ্গলবার সকালে উপজেলার শ্রীপুর ইউনিয়নের শ্রীপুর গ্রামে এ ঘটনা ঘটে। পরে লোকজন প্রাণিটিকে পিটিয়ে মেরে ফেলে।

খোঁজ নিয়ে জানা গেছে, মুনসুর রহমান নামে এক পানচাষী ভোরে তার পান বরজে কাজ করতে যান। এ সময় শিয়ালের আক্রমণের শিকার হন তিনি। তার চিৎকারে পাশের পান বরজের লোকজন তাকে বাঁচাতে এলে পালাক্রমে লোকজনকে কামড়ে রক্তাক্ত করে শিয়ালটি। এভাবে সকাল ৯টা পর্যন্ত ২৭ জন আক্রমণের শিকার হন। আহতদের মধ্যে চারজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

স্থানীয় লোকজন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সকাল সাড়ে ৯টার দিকে আরও এক কৃষককে আক্রমণ করতে গেলে লোকজন শিয়ালটিকে পিটিয়ে মেরে ফেলে।

বাগমারা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. গোলাম রাব্বানী বলেন, শিয়ালের আক্রমণের শিকার লোকজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। পরে তাদের ভ্যাকসিন নেওয়ার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।