হয়রানি বন্ধ ও শিক্ষকদের বেতন প্রদানের দাবিতে মানববন্ধন

লাকসাম মডেল কলেজের বিরুদ্ধে অপপ্রচার, শিক্ষক ও কর্মচারীদের হয়রানি বন্ধ,  শিক্ষকদের বেতন প্রদান ও সুষ্ঠুভাবে শিক্ষা কার্যক্রম পরিচালনার দাবিতে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করা হয়েছে। 

বুধবার (২৯ জুন) কলেজ মাঠে অনুষ্ঠিত মানববন্ধনে শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
 
মানববন্ধন শেষে কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে কলেজের শিক্ষক-কর্মচারীদের বিরুদ্ধে নানাভাবে হয়রানিমূলক বিষয় তুলে ধরে লিখিত বক্তব্য রাখেন, অধ্যক্ষ মো. আবু তাহের।

লিখিত বক্তব্যে অধ্যক্ষ বলেন, ‘একটি মহল কলেজের বিরুদ্ধে বিভিন্ন অপ্রপচার চালিয়ে আসছে। এ ছাড়া, কয়েক মাস যাবত কলেজের শিক্ষকদের বেতন-ভাতা বন্ধ করে দেওয়ায় শিক্ষকরা মানবেতর জীবনযাপন করছেন।’ 

এসময় তিনি ঈদুল আজহাকে সামনে রেখে মানবিক দিক বিবেচনা করে বেতন ভাতা প্রদানের দাবি জানান। 

অধ্যক্ষ বলেন, ১৯৯৪ সালে প্রতিষ্ঠার পর ২০০০ সালে কলেজটি এমপিওভুক্ত হয়। কিন্তু কলেজের শিক্ষক-কর্মচারীদের হয়রানির উদ্দেশ্যে ২০০১ সালে প্রতিষ্ঠাতা বশির আহম্মেদের স্ত্রী খোদেজা বেগম লিনা আদালতে মামলা দায়ের করেন। এ পর্যন্ত প্রায় ২০টি মামলা হয়েছে। কিন্তু রায় হওয়া সব মামলার রায় কলেজের পক্ষে এসেছে। 

এদিকে, সম্প্রতি লাকসাম উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যানের মধ্যস্থতায় সমঝোতা বৈঠকে প্রতিষ্ঠাতার পরিবার কলেজে শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে ভবিষ্যতে মামলা কিংবা অন্যভাবে হয়রানিমূলক পদক্ষেপ না নেওয়ার অঙ্গীকার করলেও তারা তা মানছেন না।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন লাকসাম প্রেসক্লাবের সভাপতি মো. তাবারক উল্লাহ কায়েস, পৌর কাউন্সিলর অ্যাডভোকেট মাসুদ হাসান, কলেজের সহকারী অধ্যাপক মঞ্জুরুল আলম লিটন, সালমা জাহান চৌধুরী, মো. আ. আউয়াল সিদ্দিকী, মরিয়ম বেগম, সিনিয়র প্রভাষক ওমর খসরু, লিয়াকত আলী, মাঈনুদ্দিন ভুঁইয়া, শরীর চর্চা শিক্ষক এ.বি সিদ্দিক মজুমদার, প্রভাষক বাহারুল আলম ও জাহাঙ্গীর আলমসহ কলেজের শিক্ষক-কর্মচারীরা।